Article By – সুনন্দা সেন

এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকা প্রকাশ পেতেই লক্ষ্য করা গেলো বড়সড় পরিবর্তন। তালিকায় শীর্ষ স্থান দখল করছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান দখল করে রাখা আর এক ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি পড়েছেন পিছিয়ে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দুই শিল্পপতির সম্পদের ব্যবধান খুবই সামান্য হলেও, এই পরিবর্তন এখন ব্যবসায়িক মহলের বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯২.৬ বিলিয়ন ডলার, অন্যদিকে মুকেশ আম্বানির সম্পদ প্রায় ৯০.৮ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ১.৮ বিলিয়ন ডলারের ব্যবধানে আদানি এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।
ব্যবধান বেশি না হওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, শেয়ার বাজারের সামান্য ওঠা নামার কারণে এই চিত্র যেকোনো সময় বদলে যেতে পারে। কারণ এই অবস্থান পরিবর্তনের মূল কারণ হিসেবে উঠে এসেছে শেয়ার বাজারের আদানি গ্রুপের শক্তিশালী পারফর্ম্যান্স। গত কয়েক সপ্তাহে আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ারের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ, গ্রিণ এনার্জি, বন্দর এবং অবকাঠামো খাতে আদানি গ্রুপের আগ্রাসী সম্প্রসারণ বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। ফলে শেয়ার বাজারে তাদের শেয়ারের চাহিদা বেড়েছে।
অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির ব্যবসাও যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। টেলিকম, রিটেল এবং জ্বালানি—এই তিনটি বড় খাতেই রিলায়েন্সের প্রভাব বিস্তৃত। তবে সাম্প্রতিক সময়ে শেয়ারের দামে তুলনামূলকভাবে কম গতির বৃদ্ধি হওয়ায় তার মোট সম্পদ বৃদ্ধির হার কিছুটা কমেছে। এর ফলেই এই মুহূর্তে তিনি শীর্ষস্থান হারিয়েছেন।
শুধু এশিয়ার তালিকায় নয়, বিশ্ব ধনীতম তালিকায়ও এই দুই ভারতীয় শিল্পপতির অবস্থান খুব কাছাকাছি। গৌতম আদানি রয়েছেন প্রায় ১৯তম স্থানে, এবং মুকেশ আম্বানি রয়েছেন ২০তম স্থানে।
তবে এই র্যাঙ্কিং প্রতিনিয়ত বদলাতে পারে, কারণ আন্তর্জাতিক বাজার, মুদ্রাস্ফীতি, সুদের হার এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির মতো বিভিন্ন বিষয় শেয়ার বাজারে প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে বড় শিল্পপতিদের সম্পদের একটি বড় অংশই শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। তাই বাজারে সামান্য উত্থান বা পতন তাদের সম্পদের ওপর সরাসরি প্রভাব ফেলে। এই কারণেই আমরা প্রায়শই দেখতে পাই, অল্প সময়ের ব্যবধানে ধনী তালিকায় বড়সড় পরিবর্তন ঘটে যাচ্ছে।




