Article By – আস্তিক ঘোষ

দ্বিগুণেরও বেশি বেড়েছে অগাস্ট মাসে সোনার আমদানি। বর্তমানে সোনার আমদানি 10.06 বিলিয়ন ডলারের রেকর্ড স্তরে বৃদ্ধি পেয়েছে। শুল্ক হ্রাস পাওয়ার পাশাপাশি এবং উৎসবের মরসুম শুরু হয়েছে দেশ জুড়ে। এই মুহূর্তে সোনার ব্যাপক চাহিদার কারণে আমদানি বেড়েছে সোনার। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অগাস্টে 4.93 বিলিয়ন ডলারের সোনা আমদানি করা হয়েছে। এ বছর শুল্ক কমানোর কারণেও উৎসবের জন্য বেড়েছে সোনার চাহিদা।
সোনা আমদানির এই রেকর্ড মাত্রার বিষয়ে বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল জানান, সোনার উপর শুল্ক হার ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে, যাতে সোনা চোরাচালান এবং অন্যান্য কার্যকলাপ হ্রাস করা যায়। বার্থওয়াল এই বিষয়ে সাংবাদিকদের বলেন, “এই সময় গহনার ব্যবসায়ীরা উৎসবের মরসুমে বিক্রির জন্য তাদের জিনিসপত্র মজুত করা শুরু করে।”
উল্লেখ্য, 2024-25 অর্থবছরের বাজেটে সরকার শুল্ক 15 শতাংশ থেকে কমিয়ে 6 শতাংশ করার ঘোষণা করেছিল। চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে (এপ্রিল-জুলাই) ভারতের সোনা আমদানি 4.23 শতাংশ কমে 12.64 বিলিয়ন ডলার হয়েছে। গত অর্থবছর 2023-24-এ দেশের সোনা আমদানি 30 শতাংশ বেড়ে 45.54 বিলিয়ন ডলার হয়েছে।
ভারত সর্বাধিক সোনা আমদানি করে সুইজারল্যান্ড থেকে। প্রায় 40 শতাংশ সেদেশ থেকেই আসে। এরপর 16 শতাংশের বেশি শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় 10 শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চিনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার ক্রেতা ভারত। জুয়েলারি শিল্পের চাহিদা পূরণ করতেই ভারত সোনা কেনায় বেশি আগ্রহী।




