Article By – সুনন্দা সেন

২০২৫-২৬ অর্থবর্ষে পোস্ট অফিস ও অন্যান্য সরকারি ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে বড় কোনো পরিবর্তন আনেনি কেন্দ্র সরকার। সাম্প্রতিক পর্যালোচনার পর বেশিরভাগ স্কিমে আগের হারই বহাল রাখা হয়েছে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি স্থিতিশীলতার বার্তা দিচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪%- এ রয়েছে। ৫ বছরের রেকারিং ডিপোজিট (RD)-এ সুদ ৬.৭%। অন্যদিকে, টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে ১ থেকে ৫ বছরের জন্য সুদের হার ৬.৯% থেকে ৭.৫% – এর মধ্যে নির্ধারিত হয়েছে।
দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এ ৭.১% সুদ বহাল রয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এ ৭.৭% এবং কিষান বিকাশ পত্র (KVP)-এ ৭.৫% সুদ দেওয়া হচ্ছে, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগ দ্বিগুণ হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২ শতাংশ রাখা হয়েছে, যা বর্তমানে এই সেগমেন্টে সর্বোচ্চ। এছাড়া মাসিক আয় স্কিম (MIS)-এ ৭.৪ শতাংশ সুদে নিয়মিত আয়ের সুযোগ মিলছে।
অর্থনীতিবিদদের মতে, বর্তমান বৈশ্বিক আর্থিক পরিস্থিতির মধ্যে সুদের হার অপরিবর্তিত রাখা বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এতে ঝুঁকিমুক্ত এবং স্থির রিটার্নের উপর আস্থা আরও বাড়বে। কারণ, কেন্দ্র সরকার প্রতি ত্রৈমাসিকে এই ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে থাকে। তবে এবার বড় কোনো পরিবর্তন না হওয়ায় বিনিয়োগকারীরা তাদের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনায় নিশ্চিন্ত থাকতে পারবেন।




