Article By – সুনন্দা সেন

আনন্দ ও সমৃদ্ধির উদযাপনের পাশাপাশি দীপাবলি উপহার দেওয়ার এবং পাওয়ারও একটি সময়। দীপাবলিতে আদান-প্রদান করা অনেক উপহারের মধ্যে থাকে সোনা, যা সম্পদ, আশীর্বাদ এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে একটি বিশেষ স্থান অধিকার করে। বেশ কিছু সেক্টরে দীপাবলির মরশুমে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের সোনা উপহার দেওয়া খুবই সাধারণ। সেটা সোনার মুদ্রা, গয়না বা ছোট বারের আকারেই হোক না কেনো। অবশ্য বর্তমানে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সাথে সাথে আপনার মনে প্রশ্ন যে এই দীপাবলিতে সোনা উপহার দেওয়া বা গ্রহণ করার উপর কি কর আরোপ করা হতে পারে?
সিএ ডঃ সুরেশ সুরানার মতে, উপহার হিসেবে সোনার মুদ্রা বা গয়না গ্রহণের জন্য ১৯৬১ সালের আয়কর আইনের অধীনে কোনও নির্দিষ্ট সীমা নির্ধারিত নেই। তিনি আরও বলেন যে ১৯৬১ সালের আয়কর আইন অনুসারে, সোনা গ্রহণের জন্য কোনও নির্দিষ্ট সীমা নির্ধারিত নেই, অর্থাৎ উপহার হিসেবে গয়না বা মুদ্রার আকারে। তবে করের প্রভাব নির্ভর করে উপহারটি কার কাছ থেকে গ্রহণ করা হয়েছে এবং এর সামগ্রিক ন্যায্য বাজার মূল্য কত। আর উপহারগুলি আয়কর আইনের ধারা 56(2)(x) দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেখানে বলা হয়েছে যে কোনও অর্থ বা সম্পত্তি (সোনা, গয়না, শেয়ার বা অস্থাবর সম্পত্তি সহ) বিনা মূল্যে প্রাপ্ত হলে তা “অন্যান্য উৎস থেকে আয়” শিরোনামের অধীনে করযোগ্য। যদি না তা নির্দিষ্ট কিছু ছাড়ের আওতায় পড়ে।
নির্দিষ্ট আত্মীয়দের কাছ থেকে দীপাবলি উপহার হিসেবে প্রাপ্ত সোনা করযোগ্য নয়। তবে এই উপহারের ক্ষেত্রে বেশকিছু ক্রায়টেরিয়া রয়েছে। আর সেগুলি হলো:
- ডঃ সুরানা বলেন, ” IT আইনের অধীনে সংজ্ঞায়িত ‘আত্মীয়’ যেমন বাবা-মা, ভাইবোন, স্বামী/স্ত্রী এবং শ্বশুরবাড়ির কাছ থেকে প্রাপ্ত সোনা (গয়না বা মুদ্রা) সম্পূর্ণরূপে করমুক্ত। তাও আবার পরিমাণ বা মূল্য নির্বিশেষে। সুতরাং, দীপাবলির মতো অনুষ্ঠানে পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত সোনার উপর কোনও কর দায় নেই।”
- ডঃ সুরানা বলেন, বন্ধুবান্ধব বা অন্যান্য অ-আত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত সোনা করযোগ্য। যদি একটি আর্থিক বছরে অ-আত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত সমস্ত উপহারের (অর্থ বা সম্পত্তির) মোট ন্যায্য বাজার মূল্য ৫০,০০০ টাকার বেশি হয় তবেই। যদি মোট মূল্য ৫০,০০০ পর্যন্ত থাকে, তাহলে কোনও কর প্রযোজ্য হবে না।
- কোনও ব্যক্তির বিবাহ উপলক্ষে প্রাপ্ত উপহারের ক্ষেত্রে কর অব্যাহতি প্রযোজ্য। বিবাহের সময় প্রাপ্ত সমস্ত উপহার (সোনা সহ) সম্পূর্ণরূপে অব্যাহতিপ্রাপ্ত, তাদের মূল্য বা উৎস নির্বিশেষে। তবে এই অব্যাহতি দীপাবলি বা জন্মদিনের মতো অন্যান্য উৎসবের ক্ষেত্রে প্রযোজ্য নয়।




