Article By – সুনন্দা সেন

চীনের সাথে ভারতের পণ্যদ্রব্য বাণিজ্য ঘাটতি চলতি অর্থবছর বা ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে ১৩% বেড়েছে। এশীয়ার প্রধান উৎপাদনের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকারী পদক্ষেপ এবং দেশ থেকে কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুসারে, এপ্রিল-অক্টোবরের মধ্যে চীনের সাথে ভারতের পণ্য বাণিজ্য ঘাটতি ৫৭.৮৩ বিলিয়ন ডলার হয়েছে। যা এক বছর আগে ৫১.১২ বিলিয়ন ডলার ছিল। চলতি অর্থবছরের কেবল অক্টোবর মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৮.৪৫ বিলিয়ন ডলার। যা এক বছর আগের একই সময়ের ৮.২৭ বিলিয়ন ডলার থেকে বেড়েছে।
একটি বাণিজ্য ঘাটতি ঘটে যখন একটি দেশের আমদানি রপ্তানির চেয়ে বেশি হয়। এপ্রিল-অক্টোবর সময়কালে ভারতের আমদানির সবচেয়ে বড় উৎস ছিল চীন, তারপরে রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-অক্টোবর মাসের মধ্যে, চীন থেকে পণ্য আমদানি দাঁড়িয়েছে ৬৫.৯০ বিলিয়ন ডলার। যা এক বছর আগের ৬০.০১ বিলিয়ন ডলার থেকে বেড়েছে। আর একটি মজার বিষয় হল, মূল্যের দিক থেকে ভারতে চীনা আমদানি রাশিয়ার তুলনায় প্রায় দ্বিগুণ এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানির তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। অন্যদিকে চীনে রপ্তানি এক বছর আগের সময়ের ৮.৮৯ বিলিয়ন ডলার থেকে কমে ৮.০৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
চলতি অর্থবছরের অক্টোবরে চীন থেকে আমদানি হয়েছে ৯.৬১ বিলিয়ন ডলার । যা এক বছর আগে একই সময় ৯.৫৪ বিলিয়ন ডলার থেকে বেড়েছে। যেখানে আবার রপ্তানি এক বছর আগের ১.২৭ বিলিয়ন ডলার থেকে কমে ১.১৮ বিলিয়ন ডলার হয়েছে। শেষ ১৫ বছরে ভারতের শিল্প আমদানিতে চীনের অংশ ২১% থেকে বেড়ে ৩০% হয়েছে। ইলেকট্রনিক্স, টেলিকম এবং বৈদ্যুতিক যানবাহনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলিতে আধিপত্য বিস্তার করেছে, ভারতের গ্রিন ট্রানজেকশন বা সবুজ রূপান্তর চীনা ইনপুটগুলির উপর অত্যন্ত নির্ভরশীল।
বিশেষজ্ঞরা বলেছেন যে এই নির্ভরতা আগামী দিনে আরও গভীর হতে চলেছে। কারণ ভারত তার প্রোডাক্টিভিটি লিংক ইনসেনটিভ বা PLI স্কিমের অধীনে ইলেকট্রনিক্স, টেলিকম, EVs এবং স্মার্টফোনের উৎপাদন বাড়াতে চাইছে। যেখানে এই সেক্টরগুলিকে চালিত করার ৮০-৯৫% বা বেশিরভাগ ইনপুটই চীন থেকে পাওয়া যায় ৷ আর ভারতের সৌর সরঞ্জাম আমদানির ৬২% জন্য চীনের অবদান রয়েছে।




