Article By – সুনন্দা সেন

১৫ অক্টোবর (বুধবার) প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, ভারতের বেকারত্বের হার সেপ্টেম্বরে ৫.২%-এ পৌঁছেছে, যা আগস্টে ৫.১% ছিল। এছাড়া জানা যাচ্ছে যে শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় এই হার বেশি। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় (MoSPI) কর্তৃক প্রকাশিত পিরিওডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) তথ্য অনুসারে, গ্রামীণ বেকারত্বের হার সেপ্টেম্বরে ৪.৬% এ উন্নীত হয়েছে, যা আগস্টে ছিল ৪.৩%। আর পুরুষ ও মহিলা বেকারত্বের হার যথাক্রমে ৪.৭% এবং ৪.৩%-এ উন্নীত হয়েছে। বিশেষ করে শহরাঞ্চলে বেকারত্বের হার ৬.৭% থেকে বেড়ে ৬.৮% হয়েছে। যেখানে পুরুষ ও মহিলা বেকারত্ব দাঁড়িয়েছে যথাক্রমে ৬% এবং ৯.৩%- এ।
সামগ্রিকভাবে সেপ্টেম্বরে পুরুষ বেকারত্বের হার আগস্টের ৫% থেকে বেড়ে ৫.১% এবং মহিলা বেকারত্বের হার ৫.২% থেকে বেড়ে ৫.৫% হয়েছে। এই পরিসংখ্যানগুলি ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের প্রতিফলিত করে যারা বেকার ছিলেন কিন্তু সক্রিয়ভাবে কাজ খুঁজছিলেন। এই তথ্য বর্তমান সাপ্তাহিক স্থিতির (CWS) উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা জরিপের আগের সাত দিনে ব্যক্তিরা কাজ করেছেন বা কাজ খুঁজছিলেন কিনা তা বিবেচনা করে। যুব বেকারত্ব (১৫-২৯ বছর বয়সী) সেপ্টেম্বরে তিন মাসের সর্বোচ্চ ১৫%-এ পৌঁছেছে, যেখানে আগস্টে এটি ১৪.৬% ছিল। সাথে জেনে রাখা ভালো যে এই সার্ভেটি গ্রামীণ ও শহরাঞ্চলের ৮৯,২৯১টি পরিবার এবং ৩,৭৫,৭০৩ জনকে অন্তর্ভুক্ত করে।
বিস্তারিত ভাবে দেখলে সামনে আসছে, শ্রমশক্তিতে অংশগ্রহণের হার (LFPR) অর্থাৎ যা কর্মরত বা কাজ খুঁজছেন এমন জনসংখ্যার অংশ সেপ্টেম্বরে পাঁচ মাসের সর্বোচ্চ ৫৫.৩%-এ পৌঁছেছে, যা আবার আগস্টে ৫৫% ছিল। সেপ্টেম্বরে মহিলাদের LFPR পাঁচ মাসের সর্বোচ্চ ৩৪.১%-এ পৌঁছেছে, যা আগস্টে ৩৩.৭% ছিলো। সেখানে পুরুষদের LFPR ৭৭% থেকে বেড়ে ৭৭.১% হয়েছে। সাথে গ্রামীণ এলাকায় সেপ্টেম্বরে পুরুষদের LFPR বেড়ে ৭৮.১% হয়েছে, যা আগস্টে ছিল ৭৭.৯% এবং মহিলাদের LFPR একই সময়ের মধ্যে ৩৭.৪% থেকে সামান্য বেড়ে ৩৭.৯% হয়েছে। তথ্য দেখায় যে সেপ্টেম্বরে যুব LFPR চার মাসের সর্বোচ্চ ৪১.৩%-এ বৃদ্ধি পেয়েছে, যা আগস্টে ৪১.১%-এর থেকে সামান্য বেশি।




