Article By – সুনন্দা সেন

ভারতের কর্পোরেট বন্ড বাজারে আজ একটি উল্লেখযোগ্য উন্নয়ন সামনে এসেছে। দেশের দুটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান Power Finance Corporation (PFC) এবং Small Industries Development Bank of India (SIDBI)—ঘোষণা করেছে যে তারা যৌথভাবে প্রায় ₹১১,৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার পরিকল্পনা বাতিল করেছে। এই সিদ্ধান্ত বাজারে অন্তর্নিহিত চাপ এবং বিনিয়োগকারীদের আচরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আসলে PFC পরিকল্পনা করেছিল ১৫ বছরের দীর্ঘমেয়াদি বন্ড ইস্যু করার এবং SIDBI পরিকল্পনা করেছিল ৩ বছর মেয়াদি স্বল্পমেয়াদি বন্ড। লক্ষ্য ছিল। যার মাধ্যমে মোট ১১,৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা।
কিন্তু বন্ড নিলাম চলাকালে একটি স্পষ্ট প্রবণতা চোখে পড়ে যে বিনিয়োগকারীরা এই বন্ড কিনতে আগ্রহী হলেও, তারা অনেক বেশি রিটার্ন বা কুপন রেট দাবি করছিলেন। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের প্রস্তাবিত হারের তুলনায় ১৫ থেকে ১৭ বেসিস পয়েন্ট বেশি রিটার্ন চাইছিলেন। আর ঠিক এখানেই মূল সমস্যা তৈরি হয়, কারণ এত বেশি রিটার্ন দিলে, PFC এবং SIDBI–র জন্য ঋণ নেওয়ার খরচ হঠাৎ বেড়ে যেত। এই অতিরিক্ত খরচ তারা গ্রহণ করতে রাজি হয়নি। ফলে, প্রতিষ্ঠান দু’টি সিদ্ধান্ত নেয় বন্ড ইস্যুটি এই মুহূর্তে পুরোপুরি প্রত্যাহার করা হবে। বিশ্লেষকদের মতে, বর্তমানে ভারতীয় বন্ড মার্কেটে একটি বড় পরিবর্তন চলছে। সরকারি বন্ডের সুদের হার বাড়ার ফলে বিনিয়োগকারীরা এখন কর্পোরেট বন্ড থেকেও উচ্চ রিটার্ন চাইছেন।
এছাড়া, বাজারে অনিশ্চয়তা, বৈশ্বিক সুদের হার বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বন্ডে ঝুঁকি বৃদ্ধি—সব মিলিয়ে বিনিয়োগকারীরা আগের তুলনায় এখন অনেক বেশি সতর্ক। তাদের মতে, ঝুঁকি থাকলে তার উপযুক্ত ক্ষতিপূরণও চাই। এই ইস্যু বাতিলের সিদ্ধান্তে একটি বিষয় স্পষ্ট যে বর্তমান কর্পোরেট বন্ড বাজারে উৎপাদন ও চাহিদার মধ্যে (supply-demand) ভারসাম্য নেই। আর এটাই প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল সংগ্রহ কঠিন করে তুলছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রবণতা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে বড় ফাইনান্স সংস্থাগুলোরও কম খরচে তহবিল সংগ্রহ করা কঠিন হয়ে উঠতে পারে। এটি অবকাঠামো অর্থায়ন এবং MSME-ফান্ডিংয়েও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ PFC এবং SIDBI–র ১১,৫০০ কোটি টাকার বন্ড ইস্যু বাতিল করা শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়।




