Article By – সুনন্দা সেন

২০১৫ সালে সমীর নিগম, রাহুল চারি এবং বুর্জিন ইঞ্জিনিয়ার দ্বারা প্রতিষ্ঠিত ফোনপে (PhonePe), ২০১৬ সালে ফ্লিপকার্ট দ্বারা অধিগ্রহণ করে। ফ্লিপকার্ট অধিগ্রহণের পর ফোনপে খুচরা জায়ান্টের ভারতীয় পোর্টফোলিওর অংশ হয়ে ওঠে। রিপোর্ট অনুসারে, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের প্রধান প্রতিষ্ঠান ফোনপে আনুষ্ঠানিকভাবে তার IPO পরিকল্পনা শুরু করেছে। ইস্যুটি পরিচালনার জন্য তারা শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী এবং দেশীয় ব্যাংকগুলিকে নিয়োগ করেছে। কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, জেপি মরগান চেজ, সিটিগ্রুপ এবং মরগান স্ট্যানলিকে এই অফারের জন্য প্রধান ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
ওয়ালমার্টের সহায়তায় ফোনপে ভারতের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি একটি হয়ে উঠেছে। যা UPI, বীমা, মিউচ্যুয়াল ফান্ড, সোনা এবং ঋণ প্রদানের ক্ষেত্রে পরিষেবা প্রদান করে। প্রধান নির্বাহী সমীর নিগম বলেন, কোম্পানির মূল পেমেন্ট ব্যবসা পরিপক্ক হয়েছে এবং কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার জন্য প্রস্তুত। তাই ফোনেপে IPO-এর মাধ্যমে ১.৫ বিলিয়ন ডলার সংগ্রহের এবং ১৫ বিলিয়ন ডলার পর্যন্ত মূল্যায়নের লক্ষ্য রাখছে। কোম্পানিটি তার আর্থিক পরিষেবার স্কেল বৃদ্ধি, বিদ্যমান ব্যবসাগুলিকে শক্তিশালী করতে এবং কৌশলগত অধিগ্রহণ অনুসরণ করতে এই তহবিল ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে।
নিগম আরও বলেন যে, PhonePe এখন নতুন ব্যবসায়িক ক্ষেত্রে বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন আনছে এবং ভারতের ডিজিটাল ইকোসিস্টেমে “বৃহত্তর ভূমিকা নিতে প্রস্তুত”। তিনি বলেন, জনসাধারণের কাছে ইস্যু প্রকাশ করা কেবল একটি আর্থিক সিদ্ধান্ত নয় বরং একটি “দায়িত্বশীল পদক্ষেপ”। যা নিয়ন্ত্রক, বিনিয়োগকারী এবং ব্যবহারকারীদের কাছে তার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। ২০২৩ সালে ফোনপে ফ্লিপকার্ট থেকে বিচ্ছিন্ন হয়। ওই সময় কোম্পানিটি ১ বিলিয়ন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছে। আর সেই সময় থেকে ফোনপের মূল বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে Walmart, General Atlantic, Ribbit Capital, Tiger Global এবং TVS Capital Funds।




