দেশে দ্রুত বিকাশ লাভ করছে কোচিং ইন্ডাস্ট্রি। কোচিং ইনস্টিটিউটগুলি থেকে প্রাপ্ত GST সংগ্রহ দেখে চোখ কপালে ওঠার জোগাড়! গত চার-পাঁচ বছরে কোচিং প্রতিষ্ঠান থেকে GST সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের তথ্য অনুসারে, 2019-20 সালে কোচিং ইনস্টিটিউটগুলি থেকে 2240.73 কোটি টাকা GST সংগ্রহ করা হয়েছে। 2023-24 সালে এই সংখ্যাটি বেড়ে 5517.45 কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।
এমনকি 2020-21 সালে যখন দেশ জুড়ে কোভিড সংক্রমন দেখা দেয়, সেই সময়েও 2215.24 কোটি টাকা GST জমা করেছিল কোচিং ইনস্টিটিউটগুলি। 2021-22 সালে কোচিং ইনস্টিটিউটগুলি থেকে GST সংগ্রহের পরিমাণ ছিল 3045.12 কোটি টাকা এবং 2022-23 সালে তা বেড়ে হয় 4667.03 কোটি টাকা। রাজ্যসভার সদস্য প্রমোদ তিওয়ারির এক প্রশ্নের লিখিত উত্তরে সামনে এসেছে এই তথ্য।
জাতীয় শিক্ষানীতি 2020-তেও স্বীকার করা হয়েছে, শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবকরাও ভালো ফলাফলের জন্য কোচিং বেছে নিচ্ছেন। যে কোনও বিষয় ব্যাখ্যা করার পরিবর্তে, মুখস্থ করার দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে বর্তমানে। VSP-কে এডুকেশন সোসাইটির চেয়ারম্যান এস. আর, গুপ্তা এই প্রসঙ্গে জানেন, কোচিং সিস্টেম অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে এতটাই প্রবল যে তারা শুধুমাত্র নিয়ম রক্ষা করতে স্কুলে যায়।
তারা ডামি স্কুলে গিয়ে ভর্তি হয় এবং কোচিং ক্লাস নেয়। একটি শিশু যদি স্কুলে গিয়ে বেশি শেখে, তার ওপর মানসিক চাপ কম পড়ে। 2024 সালে JEE মেনের পাঠ্যক্রমের পাশাপাশি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা NEET-UG 2024-এর পাঠ্যক্রমও কমিয়ে আনে সরকার। CUET, NEET, JEE এর মতো বড় বড় প্রবেশিকা পরীক্ষাগুলি বোর্ড স্তরের পরীক্ষায় অধ্যয়ন করা মূল বিষয়গুলির ভিত্তিতে পরিচালিত হয়।
অর্থাৎ ছাত্ররা বোর্ড ক্লাসে ভালভাবে পড়াশোনা করে তারা কোনও কোচিং ছাড়াই এই সকল বড় বড় প্রবেশিকা পরীক্ষাগুলি ক্র্যাক করতে পারে। JEE বছরে দুবার পরিচালিত হয় যাতে শিক্ষার্থীরা দুর্দান্ত ফলাফল করতে পারে। চুয়েট, JEE এবং NEET পরিচালিত হয় দেশের 13টি ভারতীয় ভাষায়। 2025 সালের পরীক্ষায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে সরকারের তরফে।
শিক্ষার্থীদের কাছ থেকে বেশি ফি নেওয়া এবং শিক্ষার্থীদের উপর আরও চাপের বোঝা চাপিয়ে দেওয়ার মতো সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে 16 জানুয়ারী 2024-এ কোচিং সেন্টারগুলির জন্য নির্দেশিকা জারি করেছিল শিক্ষা মন্ত্রক। তবে তাতে যে কাজের কাজ কিছুই হয়নি, তা বলাই বাহুল্য। নিজেদের অবকাঠামোর দিকে নজর না দেওয়ার পাশাপাশি নিয়ম লঙ্ঘন পর্যন্ত করছে। ফলে বিপন্ন হয়ে পড়েছে শিক্ষার্থীদের জীবন। তাই এবার রাজ্যগুলির সঙ্গে ছাত্রছাত্রীদের স্বার্থে নীতি মেনে কাজ করতে হবে কেন্দ্রকে।
Article By – আস্তিক ঘোষ






