Article By – সুনন্দা সেন

১৫ মে, ২০২৫-এ জাতীয় পরিসংখ্যান অফিস বা NSO (National Statistical Office) কর্তৃক প্রকাশিত প্রথম মাসিক শ্রমশক্তি সমীক্ষা (Labour Force Survey) অনুসারে, এপ্রিল মাসে ভারতের বেকারত্বের হার ৫.১%-এ দাঁড়িয়েছে। শহরাঞ্চলে বেকারত্বের হার ৬.৫% এবং প্রতি ১০০ জন যুবকের মধ্যে প্রায় ১৪ জন কাজ খুঁজে পাচ্ছেন না। এছাড়া পিরিওডিক লেবার ফোর্স সার্ভে বা PLFS অনুসারে, এপ্রিল মাসের বেকারত্বের হার ২০২৪ সালের একই সময়ের রেকর্ড করা ৪.৯%-এর তুলনায় সামান্য বেশি। তবে NSO জোর দিয়ে বলেছে যে পরিসংখ্যানগুলি তুলনামূলক নয়, কারণ PLFS নমুনা পদ্ধতিটি মাসিক ভিত্তিতে মূল কর্মসংস্থান সূচকগুলি অনুমান করার জন্য পুনর্গঠন করা হয়েছে।
সমীক্ষায় এপ্রিল মাসে শ্রমশক্তিতে অংশগ্রহনের হার বা LPFR (Labour Force Participation Rate) অর্থাৎ কর্মরত বা যারা সক্রিয় ভাবে কাজ পরিবর্তনের জন্য খুঁজছেন এমন লোকের পরিসংখ্যান ৪২% নির্ধারণ করা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে LFPR অনেক কম ছিল ২৬.২%, যেখানে পুরুষদের ক্ষেত্রে এটি ছিল ৫৭.৮%। সামগ্রিকভাবে LFPR গ্রামীণ এলাকায় ৪১.২% এবং শহরাঞ্চলে ৩৯.৯% ছিল। গ্রামীণ এলাকায় কাজ খুঁজছেন এমন ১৫ বছর বা তার বেশী বয়সীদের মধ্যে বর্তমান সপ্তাহিক অবস্থা বা CWS (Current Weekly Status) অনুসারে, বেকারত্বের হার ছিল ৪.৫%। যার মধ্যে এপ্রিলে মহিলাদের মধ্যে জাতীয় বেকারত্বের হাল ছিল ৪.৫% এবং পুরুষদের ক্ষেত্রে এটি ছিল ৫.২%।
CWS পদ্ধতীর অধীনে একজন ব্যক্তির কার্যকলাপের অবস্থা সমীক্ষার তারিখের আগের সাত দিনের রেফারেন্স সময়ের উপর ভিত্তি করে নির্ধরিত হয়। নিয়ম বলে যে যদি একজন ব্যক্তি কোনও দিন কাজ না করে থাকেন কিন্তু সমীক্ষা গণনের সপ্তাহের যেকোনো দিন এক ঘন্টার জন্য কাজ খুঁজলে তাকে বেকার বলে গণ্য করা হবে। সেই অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার ১৩.৮% রেকর্ড করা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে এটি ১৪.৪% এবং পুরুষদের ক্ষেত্রে ১৩.৬%। যেহেতু এই বয়সের ব্যক্তিরা সাধারণ প্রথমবারের মতো চাকরির বাজারে প্রবেশ করে, তাই এই সূচকটি দেশের কর্মসংস্থান পরিস্থিতির দৃঢ়তার একটি গুরুত্বপূর্ণ সূচক।




