Article By – আস্তিক ঘোষ

ডুবতে চলেছে চিনের অর্থনীতি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চিন। সে দেশে 2008-এর মতো মন্দার লক্ষণ দেখা দিতে শুরু করেছে বলে খবর। অর্থনীতিকে চাঙ্গা করতে গত দুই দিনে একাধিক ঘোষণা করেছে চিন। দুই বছরে দেশের রিয়েল এস্টেট সূচক 82 শতাংশ কমেছে। 1999 সাল থেকে মুদ্রাস্ফীতিতে জর্জরিত ড্রাগনের দেশ। কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বেকারত্বের হার। আমেরিকার সঙ্গে এমনিতেই চিনের উত্তেজনা চরমে। তার উপর শেয়ারবাজারের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তাই প্রশ্ন উঠেছে, বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে নিয়ে যাচ্ছে চিন?
চিনের অর্থনীতিতে সবচেয়ে বড় সমস্যা হল রিয়েল এস্টেট। দেশের অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশ রিয়েল এস্টেট। তবে গত কয়েক বছর ধরে গভীর সংকটের মুখোমুখি হচ্ছে সেদেশের এই খাতটি। 2021 সালে দেশের অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানি Evergrande ভেঙে পড়তেই শুরু হয় এই সংকট। এ কারণে গত দুই বছরে দেশের রিয়েল এস্টেট সূচক 82 শতাংশ কমে 2008 সালের পর্যায়ে নেমে এসেছে। রিয়েল এস্টেট ডুবতে বসায় ব্যাঙ্কিং খাতও সমস্যার মুখে। চিনা ব্যাঙ্কগুলো রিয়েল এস্টেট খাতে প্রচুর বিনিয়োগ করেছে বলেই এই দশা।
1999 সাল থেকে চিনে দীর্ঘতম মুদ্রাস্ফীতিতে চলছে। 2008 সালে টানা পাঁচটি প্রান্তিকে চিনে মুদ্রাস্ফীতির পরিস্থিতি থাকলেও এবার তা মাত্রা ছাড়িয়ে গেছে। মুদ্রাস্ফীতিতে ভুগছে সমগ্র বিশ্ব। কিন্তু চিনের অর্থনীতির উল্টো অবস্থা। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে হ্রাস পাচ্ছে। এটি মুদ্রাস্ফীতির চেয়েও খারাপ। এই অবস্থা অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়। গত তিন দশক ধরে চিন বিশ্ব অর্থনীতির ইঞ্জিন। সারা বিশ্বের বাজার চিনা পণ্যে ভরা। চিনে মন্দার কারণে ক্ষতিগ্রস্ত হবে পুরো বিশ্ব।




