Article By – সুনন্দা সেন

গত দু-বছর ধরে ভারতের প্রতিবেশী দেশের অবস্থা বেশ শোচনীয়। আর্থিক, খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য খাতেও খাবি খাচ্ছে দেশটি। এমন সময় পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি সংবাদ মাধ্যম, ডন (Down) জানাচ্ছে যে করাচিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠকে চীনের ব্যবসায়ী প্রতিনিধির দল পাকিস্তানে একটি মেডিকেল সিটি প্রতিষ্ঠানের জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আর পাকিস্তান চীনকে নিজের একটি বিশ্বস্ত অংশীদার হিসাবে বিবেচনা করে। কারণ চীন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC প্রকল্পের মতো বিনিয়োগ এবং উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশটিকে সাহায্য করে চলেছে।
চীনকে, পাকিস্তানের অর্থনীতির জন্য একটি ‘লাইফলাইন’ হিসাবে অভিহিত করা হয়ে থাকে। বিশ্বব্যাংকের দ্বারা সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে; চীন, পাকিস্তানের সবচেয়ে বড় ঋণদাতা। দীর্ঘসময় ধরে নানা ধাপে প্রায় ২৯ বিলিয়ন ডলার ঋণ হিসাবে প্রদান করেছে। আর ২২% শেয়ার নিয়ে পাকিস্তানের ঋণের একক বৃহত্তম অংশ ছিল চীনের। এবার স্বাস্থ্যসেবা খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে দেশটি। আরও জানা যাচ্ছে যে, পাক রাষ্ট্রপতি চীনা কনসাল জেনারেল ইয়াং ইয়ুনডং-এর নেতৃত্বে দলের সাথে দেখা করে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যকে শক্তিশালী করার জন্য পাকিস্তানে বিভিন্ন খাতে চীনা বিনিয়োগকে আহ্বান জানান।
পাকিস্তানে স্বাস্থ্যসেবা খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে মেডিকেল সিটি স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। এর পাশাপাশি চীনা প্রতিনিধি দলটি পাকিস্তানের অর্থনীতির বিভিন্ন খাতে, বিশেষ করে কৃষি, পশুসম্পদ, জ্বালানি, পরিবহন এবং উৎপাদন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। জারদারি নিশ্চিত করেছেন যে, গোয়াদর বন্দরকে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার বিষয়টি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে তুলবে।




