Article By – সুনন্দা সেন

দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা SAFTA-এর আওতায় নেপাল থেকে শুল্কমুক্ত পরিশোধিত এডিবেল অয়েল বা ভোজ্য তেলে আমদানি দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় ভোজ্যতেল শিল্পের সংগঠন IVPA (Indian Vegetable Oil Producers Association) কেন্দ্রীয় সরকারের কাছে নীতিগত হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। IVPA- এর দাবি, ২০২৩ সালে নেপাল থেকে যেখানে মাত্র প্রায় ৪৭ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছিল, ২০২৫ সালে তা বেড়ে ৮ লাখ টনেরও বেশি হয়েছে।
এদিকে আবার শিল্পমহলের আশঙ্কা যে, এই প্রবণতা চলতে থাকলে বার্ষিক আমদানি ১০ লাখ টন ছুঁতে পারে, ফলে নেপাল ভারতের অন্যতম বৃহৎ পরিশোধিত ভোজ্যতেল সরবরাহকারী হয়ে উঠবে। ভারতে সাধারণভাবে অপরিশোধিত (ক্রুড) ভোজ্যতেলে ১৬.৫% এবং পরিশোধিত তেলে ৩৫.৭৫% কার্যকর আমদানি শুল্ক থাকলেও, SAFTA এবং ভারত-নেপাল বাণিজ্য ব্যবস্থার কারণে নেপাল থেকে আসা নির্দিষ্ট ভোজ্যতেল শুল্কমুক্তভাবে প্রবেশ করছে। এর ফলে ভারতীয় রিফাইনারিগুলি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ শিল্প সংস্থার।
IVPA- এর মতে, এর প্রভাব শুধু রিফাইনিং শিল্পেই নয়, দেশীয় সরিষা ও সয়াবিন চাষিদের ওপরও পড়তে পারে। পাশাপাশি সরকারের বছরে আনুমানিক ২,০০০ থেকে ২,৫০০ কোটি টাকা শুল্ক রাজস্ব ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছে সংগঠনটি। তাই শিল্পমহল সরকারের কাছে CAROTAR Rules, 2020 অনুযায়ী পণ্যের রুলস অফ অরিজিন (Rules of Origin) কঠোরভাবে যাচাই করার এবং বর্তমান শুল্ক কাঠামো পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, এতে নেপালের সঙ্গে বৈধ বাণিজ্য বাধাগ্রস্ত হবে না; বরং শুধুমাত্র প্রকৃত যোগ্য পণ্যই শুল্ক সুবিধা পাবে।




