Article By – আস্তিক ঘোষ

ইন্দো-আমেরিকান বিলিয়নিয়ার বিনোদ খোসলার সঙ্গে তর্ক বিতর্কে জড়ালেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র সৈকতে জনসাধারণের প্রবেশাধিকার নিয়ে এই বিরোধ। ক্যালিফোর্নিয়ার মার্টিন্স বিচে জনসাধারণের প্রবেশে খোসলার রাশ টানার বিষয়ে ইলন মাস্ক সমালোচনা করতেই মূল ঝামেলার সূত্রপাত। একটি বোর্ডে ‘কোনও সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ’ লেখা একটি ছবি পোস্ট করেন ইলন মাস্ক। তিনি দাবি করেন, খোসলা নিজের সম্পত্তিতে এই ধরনের বোর্ড লাগিয়েছেন। তখনই বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মাস্কের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান খোসলা।
মাস্কের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন খোসলা। তিনি বলেন, মাস্কের পোস্টের কারণে নেতিবাচক মিডিয়া কভারেজের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি উত্তরে খোসলা বলেছেন, “মিথ্যা ছড়ানোর জন্য আপনার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। এটি একটি জাল ছবি৷ আমি এই ধরনের কোনও বোর্ড লাগাইনি। আমার মনে হয়, এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।”
জবাবে মাস্ক তাঁর স্বাভাবিক ব্যঙ্গাত্মক স্টাইলে বলেন, ‘দুঃখিত, আমি জনসাধারণের সৈকতে মানুষের চলাচল সীমিত করার বিষয়ে আপনার পক্ষে একটি প্রমাণ দেখিয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করুন।” দীর্ঘ 16 বছর ধরে আইনি বিরোধ চলছে এই বিষয়টি নিয়ে। আসলে ক্যালিফোর্নিয়ার মার্টিন্স বিচের পথে আসা তার ব্যক্তিগত সম্পত্তিতে মানুষের চলাচল সীমিত করতে উদ্যোগ গ্রহণ করেন খোসলা। 2008 সালে তিনি এই জমিটি কিনেছিলেন। এর আগে সৈকত ভ্রমণে আসা ব্যক্তিদের জন্য পার্কিং লট ছিল। তবে তারপর থেকে ওই এলাকায় মানুষের চলাচল সীমিত করা নিয়ে সরকারের সঙ্গে খোসলার বিরোধ চলছে।




