Article By – আস্তিক ঘোষ

দারিদ্রতায় ধুঁকছে পাকিস্তান। এদেশের অবস্থা এমন শোচনীয় যে, ঋণ পরিশোধের জন্য আরও ঋণ চাইছে পাকিস্তান। এবার মধ্যপ্রাচ্যের ব্যাঙ্কগুলোর কাছে 4 বিলিয়ন ডলার (প্রায় 34 হাজার কোটি টাকা) ঋণ চেয়েছে পাকিস্তান। ইতিমধ্যে নগদ সংকটের সঙ্গে লড়াই করছে পাকিস্তান। নতুন ঋণ নিলে আরও সংকটে পড়বে এই দেশ। মধ্যপ্রাচ্যের ব্যাঙ্কগুলির কাছ থেকে যে ঋণ চেয়েছে পাকিস্তান, তা বর্তমানে বিশ্ব মুদ্রা তহবিলের (IMF) অনুমোদনের অপেক্ষায় থাকা 7 বিলিয়ন ডলার এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (EFF)-এর অংশ। আর্থিক বাধ্যবাধকতা মেটাতে এই ঋণ চেয়েছে দেশটি।
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে, বৃহস্পতিবার দুবাই ইসলামিক ব্যাঙ্কের গ্রুপ সিইও ডঃ আদনান চিলওয়ানের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব এবং তাঁর দল। এর একদিন আগে বুধবার মাশরেক ব্যাঙ্কের চেয়ারম্যান ও গ্রুপ সিইও আহমেদ আবদেলালের সঙ্গে একই ধরনের কথোপকথন হয়েছিল। পাকিস্তানে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয় উভয় বৈঠকেই। চলতি অর্থবছরের বাজেটে প্রায় 20 বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এছাড়াও, পেমেন্টের ভারসাম্যের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে 3 বিলিয়ন ডলার রোলওভার করা হয়েছে।
পাকিস্তানকে 7 বিলিয়ন ডলার ঋণ দিতে দিতে চলেছে আইএমএফ। তবে এই সপ্তাহে কিছু কারণে ইএফএফের অনুমোদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে আইএমএফ। আগামী মাসে আইএমএফ নতুন ইএফএফ অনুমোদন করতে পারে বলে আশাবাদী পাকিস্তানের অর্থমন্ত্রী। ঋণ নেওয়ার জন্য বিদেশি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব বাড়িয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানকে ঋণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না ব্যাংকগুলো। আসলে পাকিস্তানকে কম রেটিং দিয়েছে আন্তর্জাতিক সংস্থা। পাকিস্তানের বর্তমান ক্রেডিট রেটিং হল CCC+, যা বেশ কম। এমতাবস্থায় পাকিস্তানকে ঋণ দিতে দ্বিধায় রয়েছে এসব ব্যাঙ্ক। ঋণ দিতে বেশি সুদ দাবি করছে ব্যাঙ্কগুলি।





