Article By – আস্তিক ঘোষ

বিদেশে সম্পত্তি কিনছেন ভারতীয়রা। অনেক রিপোর্টে দেখা গিয়েছে, সম্পত্তির দিক থেকে ভারতীয়দের জন্য হট ডেস্টিনেশন হয়ে উঠেছে বিশ্বের অনেকগুলি শহর। তালিকায় রয়েছে ক্যালিফোর্নিয়া, দুবাই, লন্ডন প্রভৃতি শহর। ভারতীয়রা বেশিরভাগ সম্পত্তি কিনছেন সংযুক্ত আরব আমিরাতে। এবার সামনে এসেছে আরও একটি বিষয়। নাবালক সন্তানদের নামে বিদেশে সম্পত্তি কিনছেন প্রচুর সংখ্যক ভারতীয় অভিভাবকরা।
রিজার্ভ ব্যাঙ্কের লিবারলাইজড রেমিট্যান্স স্কিমের (এলআরএস) অধীনে বিদেশে টাকা পাঠাচ্ছে অপ্রাপ্তবয়স্করা। এই নিয়ম অনুসারে, কোনও ব্যক্তি সম্পত্তি কেনার জন্য বা অন্য কোনও উদ্দেশ্যে বিদেশে প্রতি বছর 2.50 লাখ ডলারের বেশি পাঠাতে পারবেন না। 2022 সালের 24 অগাস্ট থেকে কার্যকর হওয়া সংশোধনী নিয়ম অনুসারে, যদি তিনি 180 দিনের মধ্যে সেই পরিমাণ অর্থ বিনিয়োগ না করেন, তবে সেই পরিমাণ অর্থ পুনরায় ভারতে ফেরত পাঠাতে হবে। বিদেশী বিনিয়োগের উপর ক্রমবর্ধমান যাচাই-বাছাই করার এবং ব্ল্যাক মানি আইনের অধীনে কঠোর নিয়মের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞের পরামর্শ চাইছেন সকলেই।
আগের নিয়ম অনুসারে, বিদেশে পাঠানো অর্থ বিদেশের অ্যাকাউন্টে জমা করা যাবে। বেশি টাকা জমা হলে তা দুবাই বা অন্যান্য দেশে সম্পত্তি কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। জমার পরিমাণের জন্য কোনও সময়সীমা ছিল না। কিন্তু এখন সেই সীমা 180 দিন ধার্য করে, দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানো টাকা বন্ধ রাখা বেশ কঠিন হয়ে পড়েছে।
এখন বিদেশে পাঠানো এই টাকা অপ্রাপ্তবয়স্কদের নামে সম্পত্তি কেনার কাজে ব্যবহার করছে মানুষ। সিএনকে অ্যান্ড অ্যাসোসিয়েটসের ট্যাক্স পার্টনার গৌতম নায়কের মতে, ভারতে বাবা-মায়ের কাছ থেকে প্রাপ্ত উপহার ব্যবহার করে LRS-এর অধীনে অপ্রাপ্তবয়স্করা বিদেশে অর্থ পাঠাতে পারেন। শুধু তাই নয়, ভারতে শিশুদের জন্য বাবা- মায়ের দেওয়া উপহারের উপর কোনো কর আরোপ করা হয়না। তাই এই পদ্ধতি অবলম্বন করে বিদেশে অপ্রাপ্তবয়স্কদের নামে সম্পত্তি কেনার হিড়িক পড়ে গিয়েছে।




