Article By – সুনন্দা সেন

বিক্রি কমে যাওয়ার উদ্বেগের মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র তথা টেসলা ইনকর্পোরেটেডের মালিক ইলোন মাস্ক একদিনে কোটি কোটি টাকা হারালেন। তার কোম্পানি ইলেকট্রিক ভেহিক্যালের জায়ান্ট টেসলার শেয়ার শেয়ারের দাম ১৫% হ্রাস পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ১১ মার্চ, ২০২৫ পর্যন্ত মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে, মাস্ক এক বছরে ১৩২ বিলিয়ন ডলার এবং শেষ একদিনে ২৯ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারপরও তিনি রয়েছেন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ বর্তমানে ২১৬ বিলিয়ন ডলার। যা মাস্কের মোট সম্পদের তুলনায় ৩৯.৩৫% কম। অর্থাৎ এখনও প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান ব্যাপক। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী টেসলা ইনকর্পোরেটেডের শেয়ার মূল্য ১৫.৪৩% বা ৪০.৫২ পয়েন্ট কমে ২২২.১৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা কয়েক বছরের মধ্যে EV কোম্পানিটির সবচেয়ে বড় দৈনিক পতন। যা এসেছে সম্ভাব্য মন্দার উদ্বেগ এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তার কারণে ব্যাপক মার্কেট সেল-অফের মধ্যে। গতবছরের ১৭ ডিসেম্বরে টেসলার শেয়ার মূল্য সর্বোচ্চ ৪৭৯ মার্কিন ডলার ছিল। যার থেকে ৫০%-এর বেশি হ্রাস পেয়েছে। এমনকি এই পতন ২০২০ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে খারাপ দিন।
২০২০ সালের পর হিসাব করে দেখা যাচ্ছে যে টেসলার শেয়ার একদিনে ২১%-এরও বেশি কমেছে। ২০২৫ সালের এই পর্যন্ত EV কোম্পানির স্টক মোট ৪১.৪% হ্রাস পেয়েছে। যার মধ্যে গত দুই মাসের ৩৬.৬% এরও বেশি পতন অন্তর্ভুক্ত রয়েছে। ১০ মার্চ, ২০২৫ পর্যন্ত টেসলার স্টক সর্বোচ্চ থেকে নেমে যাওয়ার পাশাপাশি বাজার মূলধন (Market Capital) ১.৫ ট্রিলিয়ন ডলারের থেকে কমে ৬৯৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। টেসলার মডেল ৩ এবং মডেল ওয়াই(Y) গাড়ির চাহিদা কমে যাওয়ার ফলে প্রথম প্রান্তিকে কম ডেলিভারি পূর্বাভাসের কথা উল্লেখ করে UBS স্টকের মূল্য লক্ষ্যমাত্রা ২৫৯ ডলার থেকে কমিয়ে ২২৫ ডলার করেছে।




