Article By – সুনন্দা সেন

কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মাখানা বা ফক্স নাট খাতে বড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার। মাখানা উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রপ্তানি বাড়াতে ৪৭৬ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত বিহার, উত্তরপ্রদেশ ও পূর্ব ভারতের মাখানা উৎপাদক অঞ্চলগুলিতে কৃষক ও সংশ্লিষ্ট শিল্পকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। সরকারি সূত্র জানিয়েছে, মাখানা একটি উচ্চ-পুষ্টিগুণ সম্পন্ন কৃষিপণ্য, যার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু এখনও পর্যন্ত এই খাতটি সংগঠিত অবকাঠামো ও আধুনিক প্রযুক্তির অভাবে পিছিয়ে রয়েছে।
আরও জানা যাচ্ছে যে নতুন এই প্রকল্পের মাধ্যমে উন্নত বীজ, আধুনিক চাষপদ্ধতি, প্রশিক্ষণ এবং উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হবে। এছাড়া এই প্রকল্পের আওতায় মাখানা উৎপাদনকারী চাষিদের জন্য প্রক্রিয়াকরণ ইউনিট, স্টোরেজ সুবিধা এবং ভ্যালু অ্যাডিশন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ফলে কাঁচা বা রো মাখানা নয়, বরং প্যাকেজড ও ব্র্যান্ডেড পণ্য হিসেবে বাজারজাত করা সহজ হবে। যার ফলে কৃষকরা ন্যায্য দাম পাবেন এবং সাথে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমবে বলেও আশা করা হচ্ছে।
সরকার আরও জানিয়েছে, এই প্রকল্প রপ্তানিমুখী সম্ভাবনাকেও শক্তিশালী করবে। এদিকে স্বাস্থ্যসচেতন আন্তর্জাতিক বাজারে মাখানার চাহিদা বাড়ছে। যে কারণে ভারত মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং ও লজিস্টিক্স উন্নত হলে ভারত বিশ্ববাজারে মাখানার বড় রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, ৪৭৬ কোটি টাকার এই প্রকল্প শুধু মাখানা খাতেই নয়, গ্রামীণ কর্মসংস্থান ও কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘমেয়াদে এটি কৃষকদের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।




