কেন্দ্রীয় বাজেট 2024-এ আয়কর নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। লোকসভায় আজ 2024-25 অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট (Budget) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টানা সপ্তম বারের মতো বাজেট (Budget) পেশ করে রীতিমতো রেকর্ড গড়েছেন তিনি। পুরনো আয়কর স্ল্যাবে কোনও পরিবর্তন ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 75 হাজার টাকা করা হয়েছে। এছাড়াও, নতুন কর ব্যবস্থায় ট্যাক্স স্ল্যাবে পরিবর্তন করা হয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী, নতুন কর ব্যবস্থায় 3 লাখ টাকা পর্যন্ত কোনও কর ধার্য করা হবে না। 3 থেকে 7 লাখ টাকার জন্য এটি 5 শতাংশ কমানো হয়েছে। জানা গিয়েছে যে, 7 লাখ থেকে 10 লাখ টাকার উপর আয়কর দিতে হবে 10 শতাংশ, 10 থেকে 12 লাখ টাকার উপর 15 শতাংশ, 12 থেকে 15 লাখ টাকার উপর 20 শতাংশ এবং 50 লাখ টাকার উপর 30 শতাংশ আয়কর ধার্য করা হবে।
এদিন বাজেট (Budget) পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, 1961 সালের আয়কর আইনের একটি ব্যাপক পর্যালোচনা ঘোষণা করা হয়েছে। তার জন্য ছয় মাস সময় লাগবে। এতে কর প্রক্রিয়া সহজ করা হবে। দুই-তৃতীয়াংশ মানুষ নতুন কর ব্যবস্থা বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, মূলধন লাভ কর ব্যবস্থাও সরলীকরণ করা হবে।
এছাড়াও ই-কমার্স অপারেটরদের জন্য TDS -এ ছাড়ের ঘোষণা করা হয়েছে। মিউচুয়াল ফান্ডের উপর থেকে TDS তুলে নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ইতিপূর্বে 2 শতাংশ TDS ধার্য করা হতো। এবার থেকে সেই নিয়ম উঠে গেল।
Article By – আস্তিক ঘোষ






