হাইলাইটস
1. বাজেটে মূলধন লাভে কর বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
2. এখন স্বল্পমেয়াদী মূলধন লাভে করের হার 20 শতাংশ।
3. এছাড়া দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর 12.5 শতাংশ করা হয়েছে।
বাজেটে (Budget) বড় ঘোষণা। শেয়ারবাজারে মূলধন লাভের উপর কর বৃদ্ধি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বর্তমানে শেয়ার বাজারে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে বিনিয়োগকারীদের। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) সংবেদনশীল সূচক এখন 80,000-এর উপরে। দেশের শহরগুলিতে বর্তমানে বহু মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। দেশের জনসংখ্যার প্রায় 20 শতাংশ মানুষ সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগ করছেন। অনেকেই আবার শেয়ারবাজার সংশ্লিষ্ট পণ্যে বিনিয়োগ করছেন বলে একটি প্রতিবেদনে উল্লেখ হয়েছে। শুধু তাই নয়, তারা সকলেই শেয়ার বাজার থেকে ভালো আয় করেছেন। সম্ভবত এ কারণেই চলতি অর্থবর্ষের বাজেটে (Budget) শেয়ারবাজারের আয়ের ওপর করের হার বৃদ্ধি করেছে সরকার।
উল্লেখ্য, স্টক মার্কেট থেকে আয়ের উপর ধার্য করা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই ক্যাপিটাল গেইন ট্যাক্স দুই ভাগে বিভক্ত। শর্টটার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। যদি একজন ব্যক্তি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং এক বছরের মধ্যে মুনাফা তুলে নেন, তাহলে এই আয়কে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন (STCG) বলা হয়। কিন্তু যদি বিনিয়োগ এক বছরের জন্য বজায় রাখেন, তবে তা দীর্ঘমেয়াদী হিসাবে বিবেচিত হয়। অতএব, লং টার্ম ক্যাপিটাল গেইন (LTCG) ট্যাক্স এর উপর প্রযোজ্য হবে।
মঙ্গলবার অর্থাৎ আজ বাজেট (Budget) পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের হার পরিবর্তন করে ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছেন। লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর আগে 10 শতাংশ হারে কর দেওয়া হত। এখন তা বাড়িয়ে 12.5 শতাংশ করা হয়েছে। একইভাবে, এখনও পর্যন্ত শর্ট টার্ম ক্যাপিটাল গেইন উপর 15 শতাংশ হারে কর ধার্য ছিল। এখন তা বাড়িয়ে 20 শতাংশ করা হয়েছে।
বর্তমানে শেয়ার বাজার থেকে প্রচুর আয় করছে মানুষ। শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ করে অর্থ উপার্জন সম্পর্কে যাঁদের ধারণা নেই, তাঁরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছেন। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত তথ্য বলছে, এই কারণেই 2024 সালের জুন মাসে, ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে 40,608.19 কোটি টাকা বিনিয়োগ করেছেন দেশের মানুষ। 2023 সালের মে মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে মোট 34,670.9 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল।
Article By – আস্তিক ঘোষ






