Article By – আস্তিক ঘোষ

দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সরকার আশঙ্কা করছে, দেশের অগ্রগতিতে বাঁধা হতে পারে ব্ল্যাক সোয়ান ইভেন্ট। বিশ্বায়নের জোর কমে গেলেও কীভাবে আমাদের অর্থনীতিকে শক্তিশালী রাখা যায়, সে বিষয়েও ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে সরকার। এসব মোকাবিলায় বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ চেয়েছে কেন্দ্র। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অর্থনীতিবিদ এবং ছাত্রদের উদ্দেশে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পি কে মিশ্র বলেন, ভারতকে অবশ্যই সাপ্লাই চেইন সংকট মোকাবেলায় অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত স্থায়িত্ব অর্জন করতে হবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পি কে মিশ্র আরও বলেন, ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে নীতি সংস্কার ও হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থনৈতিক গবেষকদের আগামী দুই দশকের জন্য উন্নয়নশীল পরিস্থিতি প্রদান করতে বলেছেন পিকে মিশ্র। কীভাবে ব্ল্যাক সোয়ান ইভেন্ট এবং বিশ্বায়নের চাপ মোকাবেলা করতে হবে সে বিষয়ে ইনপুট দিতে নির্দেশ দিয়েছেন তিনি।
যেকোনো ধরনের অর্থনৈতিক সংকট, বড় ধরনের সন্ত্রাসী হামলা, সরকারের টালমাটাল অবস্থা ইত্যাদি ব্ল্যাক সোয়ানের ঘটনার উদাহরণ। অনেক জায়গায় কোভিডকে কালো ব্ল্যাক সোয়ানের ঘটনার হিসাবেও বিবেচনা করা হয়েছিল। ভারতীয় অর্থনীতির ক্ষেত্রেও, ব্ল্যাক সোয়ানের ঘটনার পরিস্থিতি সম্পর্কিত বিষয়গুলি বহুবার প্রকাশিত হয়েছে। যদিও এসব অস্বীকার করেছে রিজার্ভ ব্যাঙ্ক। পিকে মিশ্র বলেন, সরবরাহ শৃঙ্খলায় বাধার সম্মুখীন হওয়ার জন্য অবশ্যই অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত স্থিতিশীলতা অর্জন করতে হবে ভারতকে। তিনি বলেছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, হ্রাসমান বিশ্বায়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক জাতীয়তাবাদ, উদীয়মান প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব… এইগুলি এমন কিছু চ্যালেঞ্জ যা আমাদের নীতি এবং কর্ম উভয় ক্ষেত্রেই মোকাবেলার চেষ্টা করা উচিত।





