Article By – আস্তিক ঘোষ

মোবাইল ফোন, টিভি সহ যে কোনও ইলেকট্রনিক পণ্য কিনে নেওয়া সহজ। কিন্তু যখনই এই সকল ইলেকট্রনিক পণ্যগুলি খারাপ হওয়ার পর মেরামত করার প্রয়োজন হয়, তখন কিন্তু সেই কাজ খুব একটা সহজ হয় না। এবার থেকে রেটিং থেকে মিলবে এই তথ্য। মেরামতযোগ্য সূচকের কাঠামো তৈরি করতে রেটিং এর ভিত্তিতে একটি কমিটি গঠন করল উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়। আগামী 15 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে। রিপোর্টের ভিত্তিতেই তৈরি হবে সূচক।
সূচকের নির্দেশিকা প্রস্তাব করার দায়িত্ব দেওয়া হয়েছে উপভোক্তা বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব ভরত খেদার সভাপতিত্বে গঠিত এই কমিটিকে। সূচক তৈরির উদ্দেশ্য হল, উপভোক্তাদের সঠিক তথ্য প্রদান করা এবং পণ্যের শেলফ লাইফ বৃদ্ধি করা। এতে বর্জ্য পদার্থের সমস্যা নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে। কোথায় পরিষেবা মিলবে সে সম্পর্কে তথ্য সরবরাহ করা কোম্পানিগুলির জন্য এবার বাধ্যতামূলক করা হবে বলে খবর।
মেরামতযোগ্যতা সূচকের ভিত্তিতে পণ্যগুলোকে 1 থেকে 5 পর্যন্ত রেটিং দেওয়া হবে:-
1 হল সর্বনিম্ন রেটিং। এই রেটিং দেওয়া হবে সেই সমস্ত পণ্যগুলিকে, যেগুলি মেরামত করতে গেলে একটি অংশ একেবারে বাদ দিয়ে দিতে হবে এবং পণ্যটি ভবিষ্যতেও একেবারে নষ্ট হয়ে যেতে পারে।
2 রেটিং দেওয়া হবে সেই সকল পণ্যগুলিকে, যেসব পণ্যের মূল সরঞ্জাম প্রস্তুতকারক বা কোম্পানির অনুমোদিত পরিষেবা কেন্দ্র থেকে মেরামত করা হবে।
অপরদিকে, যে সকল পণ্য মেরামতের জন্য প্রযুক্তিগত বিশেষজ্ঞ প্রয়োজন রয়েছে, সেই জাতীয় পণ্যগুলির রেটিং দেওয়া হবে 3।
যেসব পণ্যের টুলস এবং খুচরো যন্ত্রাংশ কোম্পানিগুলি সহজেই সরবরাহ করতে পারবে, তাদের 4 রেটিং দেওয়া হবে।
যে সকল পণ্যের যন্ত্রাংশ সহজে পাওয়ার পাশাপাশি, উপভোক্তা নিজে মেরামত করতে পারবেন এইসব পণ্যগুলিকে টপ অর্থাৎ 5 রেটিং দেওয়া হবে।




