Article By – সুনন্দা সেন

সর্বশেষ বেতনভিত্তিক তথ্য অনুসারে, অবসর তহবিল সংস্থা EPFO (Employees Provident Fund Organisation) ২০২৪ সালের নভেম্বরে ১.৪৬৩ মিলিয়ন সদস্য যুক্ত করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৮৮% বেশি। পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিট সদস্য সংযোজনের বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং কর্মচারীদের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। যা EPFO-র কার্যকর প্রচার মূলক উদ্যোগের দ্বারা জোরদার হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মাসিক ভিত্তিতে, ২০২৪ সালের অক্টোবরের তুলনায় নভেম্বরে নিট সদস্য সংযোজন ৯.০৭% বেড়েছে।
অস্থায়ী তথ্য অনুসারে, ২০২৪ সালের নভেম্বরে এমপ্লই প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন প্রায় ৮,৭৪,০০০ নতুন সদস্য যুক্ত করেছে। যা তার আগের বছর বা ২০২৩ সালের একই মাসের তুলনায় ১৮.৮০%% বেশি এবং ২০২৪ সালের অক্টোবরের তুলনায় ১৬.৫৮% বেশি। মন্ত্রণালয় জানিয়েছে যে তথ্যের একটি লক্ষণীয় দিক হল ১৮-২৫ বছর বয়সীদের আধিপত্য। কারণ এই বয়সের গ্রুপে ৪.৮১ লক্ষ নতুন সদস্য যুক্ত হয়েছে EPFO- তে, যা ২০২৪ সালের নভেম্বরে মোট নতুন সদস্যদের ৫৪.৯৭%। ২০২৪ সালের নভেম্বরে ১৮-২৫ বছর বয়সীদের মোট সদস্য সংখ্যা প্রায় ৫.৮৬ লক্ষ। যা ২০২৪ সালের অক্টোবর মাসের তুলনায় ৭.৯৬% বৃদ্ধির প্রতিফলন।
মন্ত্রণালয় জানিয়েছে, এটি পূর্ববর্তী প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ যা ইঙ্গিত দেয় যে সংগঠিত কর্মশক্তিতে যোগদানকারী বেশিরভাগ ব্যক্তিই তরুণ, মূলত ফ্রেশার। আবার এও জানিয়েছে যে যেমন ভাবে EPFO তে কর্মচারী নিযুক্ত হয়েছে, তেমন আবার বেতন-ভাতার তথ্য থেকে জানা যায় যে প্রায় ১.৪৪ মিলিয়ন সদস্য EPFO থেকে বেরিয়ে গেছেন। এই সংখ্যাটি ২০২৪ সালের অক্টোবর মাসের তুলনায় ১১.৪৭% বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। বেতনভিত্তিক তথ্যের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে যে মাসে যুক্ত হওয়া নতুন সদস্যদের মধ্যে প্রায় ২.৪০ লক্ষ নতুন সদস্য মহিলা ছিলো।
রাজ্যভিত্তিক বেতন-ভাতার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে, শীর্ষ পাঁচটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সদস্য সংযোজন মোট সদস্য সংযোজনের প্রায় ৫৯.৪২%। কারণ এই সমস্ত স্থান থেকে গতবছরের নভেম্বর মাসে মোট ৮.৬৯ লক্ষ নিট সদস্যকে যুক্ত করেছে EPFO। সমস্ত রাজ্যের মধ্যে, মহারাষ্ট্র মাসে ২০.৮৬% নেট সদস্য যুক্ত করে এগিয়ে রয়েছে। ওই মাসে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, হরিয়ানা, গুজরাট, দিল্লি, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ পৃথকভাবে মোট নিট সদস্যের সংখ্যায় ৫%- এরও বেশি যোগ করেছে। তবে মনে রাখবেন বেতনভিত্তিক তথ্য অস্থায়ী কারণ তথ্য তৈরি এবং কর্মচারীদের রেকর্ড আপডেট করা একটি ধারাবাহিক প্রক্রিয়া।




