Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ সোমবার (৯সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে চলেছে ৫৪ তম GST কাউন্সিলের বৈঠক। যেখানে জীবন ও স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের GST হার নিয়ে আলোচনা হবে। আশা করা হচ্ছে GST কাউন্সিল সাধারণ ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার কমিয়ে দেবার বিষয়টি তুলবেন। তাই আজ, আয়ের প্রভাব সহ জীবন, স্বাস্থ্য এবং পুনর্বীমা প্রিমিয়ামের উপর ধার্য GST সম্পর্কিত একটি প্রতিবেদন GST কাউন্সিলের সামনে উপস্থাপন করা হবে। এরপরে কাউন্সিলের সদস্যরা আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন যে স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর GST হার কমানো হবে কিনা।
সূত্রের মতে, GST কাউন্সিল স্বাস্থ্য বীমা প্রিমিয়ামে GST হার কমিয়ে ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের উল্লেখযোগ্য ত্রাণ প্রদান করতে পারে। বর্তমানে স্বাস্থ্য এবং জীবন বীমা পলিসির উপর GST হার ১৮% রয়েছে। তবে আশা করা হচ্ছে GST কাউন্সিল স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর GST হার ১৮% কমিয়ে শূন্যতে নিয়ে আসতে পারে। অবশ্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে GST হার আগের ১৮% থাকতে পারে। GST কাউন্সিলের সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এর সদস্য হিসেবে রয়েছেন সকল রাজ্যের মন্ত্রীরা।
GST হার কোমার ধারণা আরও স্পষ্ট হয়েছে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর কথায়। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে তিনি জীবন ও স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর ১৮% GST হার কমানোর অনুরোধ পত্র জমা দিয়েছেন। এছাড়া, বিহারের ডেপুটি CM এবং GST GoM (Group of Ministers) বা মন্ত্রীদের দলের একজন সম্রাট চৌধুরী বলেছেন, বীমা প্রিমিয়ামের উপর GST কমানোর বিষয়ে একাধিক প্রস্তাব জমা পড়েছে। যা নিয়ে নতুন GST মন্ত্রী মন্ডল গঠনের প্রথম বৈঠকে আলোচনা হবে।
২২ শে জুন অনুষ্ঠিত শেষ GST কাউন্সিলের বৈঠকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আধার বায়োমেট্রিক একীকরণ এবং রেল পরিষেবাগুলিতে ছাড় সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপের ঘোষণা করেছিলেন। আর আজকের অর্থাৎ ৯ সেপ্টেম্বরের বৈঠকে জীবন ও স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর GST হার কমানোর পাশাপাশি সূত্র আরও যোগ করেছে যে GST কাউন্সিলের বৈঠকে ২,০০০ টাকার উপরে অনলাইন পেমেন্টের GST আরোপ করার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। বর্তমানে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করা অনলাইন পেমেন্টে কোনো ট্যাক্স নেই।




