Article By – আস্তিক ঘোষ

অগাস্টে মোট জিএসটি সংগ্রহ বাড়ল 10 শতাংশ। প্রায় 1.75 লক্ষ কোটি টাকা বেড়েছে বলে খবর। এই তথ্য জানানো হয়েছে রবিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে। গত বছরের অগাস্টে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) রাজস্ব ছিল 1.59 লক্ষ কোটি টাকা। যেখানে এই বছরের জুলাই মাসে তা ছিল 1.82 লক্ষ কোটি টাকা। অগাস্ট 2024-এ ডোমেস্টিক রেভিনিউ 9.2 শতাংশ বেড়ে প্রায় 1.25 লক্ষ কোটি টাকা হয়েছে। পণ্য আমদানি থেকে মোট GST রেভিনিউ 12.1 শতাংশ বেড়ে 49,976 কোটি টাকা হয়েছে।
ডেলয়েট ইন্ডিয়ার পার্টনার এমএস মানি এই প্রসঙ্গে বলেন, এই বছরের উৎসবের মরসুমের শুরুতে জিএসটি সংগ্রহের 10 শতাংশ বার্ষিক বৃদ্ধি খুবই কার্যকরী। এছাড়াও, আগামী উৎসবের মাসগুলিতে এই বৃদ্ধি আরও উন্নত হবে। এতে আত্মবিশ্বাসও বাড়বে। তবে প্রধান রাজ্য জুড়ে জিএসটি সংগ্রহ বৃদ্ধিতে কিছু পার্থক্য রয়েছে। তাঁর মতে এসব নিয়ে আরও গভীরভাবে ভাবার প্রয়োজন হতে পারে।
সরকারের একটি প্রধান রাজস্ব উৎস হল জিএসটি। GST সংগ্রহ বৃদ্ধির অর্থ সরাসরি সরকারের কোষাগার পূর্ণ হচ্ছে। রাস্তা, রেলপথ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা যেতে পারে এই অর্থ। জিএসটি সংগ্রহের বৃদ্ধির ফলে দেশে দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়িত হবে। মানুষ পূর্বের তুলনায় এখন বেশি পণ্য এবং পরিষেবা কিনছে। তাতে কর্মসংস্থান বাড়ছে, বাড়ছে উৎপাদন। জিএসটি সংগ্রহের বৃদ্ধি প্রমাণ করে, জিএসটি এমন একটি স্বচ্ছ কর ব্যবস্থা, যা কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রকে বেশ কঠিন করে তুলেছে। জিএসটি সংগ্রহ বৃদ্ধির ফলে সরকারের আর্থিক অবস্থার উন্নতি হয়। এতে সরকারের ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা কমে এবং সময়মতো ঋণ পরিশোধ করতে সমস্যা হয় না।




