Article By – আস্তিক ঘোষ

নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ ভারতীয় রেলের। কোচ এবং লোকোমোটিভগুলিতে 75 লক্ষ AI-চালিত CCTV ক্যামেরা ইনস্টল করার জন্য প্রকল্প চালু করল ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে আনুমানিক 75,000 কোটি টাকা। পুরো নেটওয়ার্ক জুড়ে রেল নিরাপত্তা এবং অপারেশনাল দক্ষতাকে রূপান্তরিত করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 40,000টি কোচ, 14,000টি লোকোমোটিভ এবং 6,000 ইলেকট্রিক মাল্টিপল ইউনিটে (ইএমইউ) স্থাপন করা হবে এই এআই-সক্ষম সিসিটিভি ক্যামেরা।
রেলওয়ের বিশাল পরিকাঠামো নিরীক্ষণ ও সুরক্ষিত করার জন্য উন্নত এআই প্রযুক্তির থাকবে সিসিটিভি ক্যামেরাতে। এই ক্যামেরাগুলি শুধুমাত্র ট্রেনের অভ্যন্তরীণ এবং বাইরের দিকে নজরদারি করার জন্য নয় বরং সম্ভাব্য বিপদগুলি সনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। যেমন রেলের ট্র্যাকে সন্দেহজনক বস্তু এবং প্রয়োজনে জরুরি ব্রেক প্রয়োগ করার জন্য ট্রেন অপারেটরদের রিয়েল টাইমে সতর্ক করা সহ বিভিন্ন কাজ করবে এই এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা।
রেল ভ্রমণের নিরাপত্তায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন। ঝুঁকি কমাতে এবং দুর্ঘটনা প্রতিরোধে একটি সক্রিয় ভূমিকা নেবে। এআই-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা ছাড়াও, ভারতীয় রেলওয়ে তার নজরদারি ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর জন্য লিডার প্রযুক্তির ব্যবহার করতে চলেছে। ট্রেনকে লাইনচ্যুত হওয়ার সাম্প্রতিক উদ্বেগগুলিকে মোকাবেলা করতে এবং সামগ্রিক সুরক্ষা ব্যবস্থাগুলিকে উন্নত করতে পারে এই প্রযুক্তি।
ইতিমধ্যেই উচ্চ-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরা স্থাপন করে প্রধান স্টেশনগুলিতে নিরাপত্তা বৃদ্ধিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেলওয়ে। সর্বশেষ প্রকল্পের লক্ষ্য হল ওয়াগন ব্যতীত সমস্ত অপারেশনাল কোচ এবং লোকোমোটিভগুলিতে এই স্তরের নজরদারি আরও প্রসারিত করা। ওয়াগন চলাচলের নিরীক্ষণের জন্য, ভারতীয় রেলওয়ে বর্তমানে ওয়াগনগুলিকে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) সিস্টেম দিয়ে সজ্জিত করছে।




