Article By – আস্তিক ঘোষ

কর কমাতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু এই উদ্যোগ নিতে গেলে অবশ্যই অনেকের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ভারতে। ভোপালে আইআইএসইআর-এর সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে লং টার্ম ক্যাপিটাল গেইন (LTCG) ট্যাক্স বাড়ানোর ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন। তখন থেকেই আলোচনার বিষয় হয়ে উঠেছে “কর”। মধ্যপ্রদেশের রাজধানীতে আইআইএসইআর-এর 11 তম সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে সীতারামন বলেন,”আমি কর প্রায় শূন্যে নামিয়ে আনতে চাই, তবে ভারতের চ্যালেঞ্জগুলি গুরুতর। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে।” তিনি আরও বলেন, তাঁর কাজ হল রাজস্ব বাড়ানো। মানুষকে হয়রানি করার জন্য নয়।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “অনেকবার অর্থমন্ত্রী হিসেবে আমি সন্তুষ্টি পাই না, যখন আমাকে জনগণের কাছে উত্তর দিতে হয় যে, কেন আমাদের কর ব্যবস্থা এমন। আমরা কেন কর আরও কমাতে পারি না?” তিনি আরও বলেন, “আমরা আমাদের টাকা বিনিয়োগ করেছি। জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের জন্য বিশ্ব প্রচুর অর্থের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই অর্থ এখনও আসেনি। ভারত অপেক্ষা করেনি এটা অন্য কথা। প্যারিসে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমরা নিজেদের টাকায় পূরণ করেছি।” অর্থমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ খাতে তহবিল জোগায় দেশের মানুষের দেওয়া কর।
উল্লেখ্য, মূলধন লাভ কর ব্যবস্থা পরিবর্তন এবং সূচকের সুবিধা অপসারণের প্রস্তাবের জন্য সমালোচিত হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে স্থাবর সম্পত্তির উপর কর আরোপের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে কেন্দ্রীয় সরকার। করদাতাদের হয় সূচীকরণ ছাড়াই 12.5 শতাংশের কম হারে অথবা সূচীকরণের সাথে 20 শতাংশের উচ্চ হারের সুবিধা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কাট অফ ডেট রাখা হয়েছে 2024 এর 23 জুলাই পর্যন্ত।





