Article By – আস্তিক ঘোষ

সম্প্রতি রেল মন্ত্রক টিকিটবিহীন ভ্রমণকারীদের উপর নজরদারি রাখার জন্য পুজোর মরসুম ঘিরে একটি বিশেষ টিকিট-চেকিং ড্রাইভ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে পুলিশ সদস্যরাও। কিন্তু হঠাৎ কেন নেওয়া হল এই সিদ্ধান্ত? জানুন বিস্তারিত।
ভারতীয় রেলওয়ের অধীনে টিকিটবিহীন ভ্রমণ অন্যতম অপরাধ। 20 সেপ্টেম্বর, 2024-এর একটি বিজ্ঞপ্তিতে, রেল মন্ত্রক জোনাল জেনারেল ম্যানেজারদের 1 থেকে 15 অক্টোবর, 2024 এবং 25 অক্টোবর থেকে 10 নভেম্বর, 2024-এর মধ্যে টিকিটবিহীন ভ্রমণের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। এছাড়া, মন্ত্রক জিএমদের বিরুদ্ধে এও নির্দেশ দেয় যে, নির্দিষ্ট 17টি অঞ্চলের ভ্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ভারতীয় রেলওয়েকে রেলওয়ে আইন 1989-এর বিধানগুলি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আধিকারিকদের মতে, ভারতীয় রেলওয়ে গাজিয়াবাদ-কানপুর রুটে অনেক পুলিশ সদস্যকে এক্সপ্রেস এবং মেল ট্রেনের এসি কোচে টিকিট ছাড়াই ভ্রমণ করতে দেখেছে। এই প্রসঙ্গে ভারতীয় রেলওয়ের একজন আধিকারিক বলেছেন যে, ‘টিকিটবিহীন ভ্রমণের জন্য জরিমানা করা হলে পুলিশ তাদের বিরুদ্ধে কেস করার হুমকি দেয়।’
এছাড়াও, টিটি বা ট্রেনের টিকিট পরীক্ষকরা এর আগে বহুবার জানিয়েছেন, টিকিট ছাড়া ভ্রমণকারী পুলিশদের সাথে মোকাবিলা করতে তাঁরা হিমশিম খায়। কারণ টিকিট কাটা যাত্রীদের সাথে তাদের বার্থ শেয়ার করতে বাধ্য করে বহু পুলিশ। রিজার্ভেশন ছাড়া ভ্রমণে ধরা পড়লে পুলিশ কর্মকর্তারাও জরিমানা দিতে অস্বীকার করেন।
ভারতীয় রেলওয়ে টিকিট চেকিং স্টাফ অর্গানাইজেশনের সভাপতি সঞ্জয় সিং এই প্রসঙ্গে বলেন, ‘জরিমানা দিতে বলা হলে পুলিশ টিটি, রেলওয়ের কর্মচারী এবং যাত্রীদের উপর মারধরের হুমকি দেন। এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুবার ভাইরালও হয়েছে। তবে শেষ পর্যন্ত তারা জরিমানা পরিশোধ করেছে। টিকিটবিহীন ভ্রমণের জন্য পুলিশকে জরিমানা করা হচ্ছে দেখে যাত্রীরাও অনেক সময় অবাক হয়েছেন।’
রেলওয়ের একজন মুখপাত্রের মতে, জুন-অগাস্ট 2024 সালের মধ্যে এনসিআর জোনের অধীনে টিকিটবিহীন ভ্রমণের জন্য 1.17 লাখেরও বেশি যাত্রীকে 9.14 কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছিল। সামগ্রিকভাবে, ভারতীয় রেলওয়ে FY24 সালে 361.04 লাখ যাত্রীর উপর জরিমানা আরোপ করে 2,231.74 কোটি টাকা আয় করেছে।




