Article By – সুনন্দা সেন

ভারতে স্মার্টফোন ব্যবহার দ্রুত বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টেম্পার্ড গ্লাস ও স্ক্রিন প্রোটেক্টরের বাজারও। এবার এই খাতেই বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। খুব শীঘ্রই টেম্পার্ড গ্লাস আমদানির উপর কঠোর মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি রুলস চালু হতে পারে। সরকারের লক্ষ্য হলো, নিম্নমানের বিদেশি পণ্যের আমদানি কমানো এবং দেশীয় উৎপাদনকে উৎসাহ দেওয়া।
বর্তমানে ভারতের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ স্মার্টফোন টেম্পার্ড গ্লাস বিদেশ থেকে আসে, বিশেষ করে চীন থেকে। এই পণ্যগুলির অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট মান নিয়ন্ত্রণ থাকে না বলে অভিযোগ। ফলে গ্রাহকরা নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন, আবার সংগঠিত দেশীয় শিল্পও ক্ষতির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে সরকার টেম্পার্ড গ্লাসকে বাধ্যতামূলক BIS বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশনের আওতায় আনার পরিকল্পনা করছে। অর্থাৎ ভবিষ্যতে নির্দিষ্ট মানের শংসাপত্র ছাড়া বিদেশি টেম্পার্ড গ্লাস ভারতে আমদানি করা কঠিন হয়ে পড়বে।
বিশেষজ্ঞদের মতে, এতে বাজারে ভালো মানের পণ্য পাওয়া সহজ হবে এবং নকল বা নিম্নমানের পণ্যের সংখ্যা কমবে। আর এটিকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে। সরকার চাইছে মোবাইল অ্যাকসেসরিজ ক্ষেত্রেও ভারত ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠুক। ইতিমধ্যেই নয়ডায় দেশের প্রথম বড় টেম্পার্ড গ্লাস উৎপাদন ইউনিট চালু হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে দেশীয় নির্মাতারা আরও বিনিয়োগে উৎসাহ পাবেন বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন বা ICEA দীর্ঘদিন ধরেই এই শিল্পকে নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনার দাবি জানিয়ে আসছে।
শিল্পমহলের মতে, কোয়ালিটি কন্ট্রোল চালু হলে সংগঠিত বাজার তৈরি হবে, সরকারের GST রাজস্ব বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। তবে কিছু ব্যবসায়ী ও আমদানিকারকের আশঙ্কা, নতুন নিয়মের ফলে স্বল্পমূল্যের টেম্পার্ড গ্লাসের দাম কিছুটা বাড়তে পারে। কারণ সার্টিফিকেশন ও মান নিয়ন্ত্রণের খরচ শেষ পর্যন্ত পণ্যের দামের উপর প্রভাব ফেলতে পারে। যদিও সরকার ও দেশীয় শিল্প সংস্থাগুলির দাবি, দীর্ঘমেয়াদে এই উদ্যোগ ভারতীয় বাজারকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে।




