Article By – সুনন্দা সেন

ভারত সরকার সোনা ও রুপোর আমদানি শুল্ক অনেকটাই বাড়িয়ে ৬% থেকে ১৫% করেছে। যা আজ (১৩মে, ২০২৫) থেকে কার্যকর হয়েছে। কেন্দ্র সরকারের দাবি, বাড়তে থাকা আমদানি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার ভান্ডার বা ফরেক্সের উপর চাপ কমানো এবং রুপীর মানকে স্থিতিশীল রাখতেই এই সীদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ১০% বেসিক কাস্টমস ডিউটি এবং ৫% এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস বা AIDC মিলিয়ে মোট কার্যকর শুল্ক দাঁড়িয়েছে ১৫%। এর ফলে দেশে সোনা ও রুপোর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকারের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে পশ্চিম এশিয়ার উত্তেজনা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ভারতের বাড়তে থাকা আমদানি বিল। বিশেষ করে ভারত বিশ্বের অন্যতম বড় সোনা আমদানিকারক দেশ হওয়ায়, বিপুল পরিমাণ ডলার খরচ হচ্ছে এই খাতে। এতে রুপির উপরও চাপ বাড়ছে। অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সম্প্রতি দেশবাসীকে অপ্রয়োজনীয় সোনা কেনা কমানোর আহ্বানও জানিয়েছিলেন। তার পরপরই এই শুল্ক বৃদ্ধি কেন্দ্রের কড়া অর্থনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে, শুল্ক বাড়ার খবর সামনে আসতেই MCX-এ সোনা ও রুপোর (gold & Silver) ফিউচারের প্রাইস ৭% থেকে ৮% পর্যন্ত লাফিয়ে বেড়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, সামনে গয়নার দাম আরও বাড়তে পারে এবং উৎসবের মরশুমে এর প্রভাব সরাসরি ক্রেতাদের পকেটে পড়বে। তবে জুয়েলারি শিল্পের একাংশের আশঙ্কা, অতিরিক্ত শুল্কের ফলে আবারও সোনা পাচার বা গ্রে মার্কেট সক্রিয় হয়ে উঠতে পারে। শিল্পমহলের মতে, উচ্চ শুল্ক বৈধ আমদানিকে ব্যয়বহুল করে তুলবে।




