Article By – সুনন্দা সেন

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এখন সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম হল UPI বা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মোট পেমেন্ট লেনদেনের প্রায় ৮৫% সম্পন্ন হচ্ছে UPI-এর মাধ্যমে। অর্থাৎ প্রতিদিন কোটি কোটি ছোট ও মাঝারি অঙ্কের লেনদেন বর্তমানে PhonePe, Google Pay, Paytm-এর মতো অ্যাপ ব্যবহার করেই সম্পন্ন হচ্ছে। তবে লেনদেনের মোট টাকার অঙ্কের বিচারটা আবার অনেকটাই ভিন্ন। অঙ্কের দিক থেকে এখনও আধিপত্য RTGS-এর।
প্রকাশিত তথ্য থেকে আরও জানা যাচ্ছে যে লেনদেনের বিষয় টাকার অঙ্ক আজও RTGS (Real Time Gross Settlement) ব্যবস্থার বেশি। দেশের মোট ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় প্রায় ৬৮.৬% RTGS-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যেখানে UPI-এর অংশ মাত্র ৯.৫% এর মূল কারণ হলো, UPI সাধারণত ছোট অঙ্কে দৈনন্দিন লেনদেনের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে RTGS ব্যবহৃত হয় বড় অঙ্কের কর্পোরেট, ব্যাংকিং ও উচ্চ মূল্যের আর্থিক লেনদেনে। ফলে সংখ্যায় কম হলেও RTGS-এর মাধ্যমে যেহেতু বড় অঙ্কের লেনদেন হয়, তাই তার লেনদেন ভ্যালু বেশি।
বিশেষজ্ঞদের মতে, এই তথ্য ভারতের ডিজিটাল অর্থনীতির দুই ভিন্ন দিককে তুলে ধরছে। একদিকে UPI সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক ব্যবস্থাকে দ্রুত ডিজিটাল করছে, অন্যদিকে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে এখনও ব্যাংকিং অবকাঠামো-নির্ভর RTGS-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরে UPI-এর ব্যবহার আরও বাড়বে, বিশেষ করে ক্রেডিট, আন্তর্জাতিক পেমেন্ট এবং ব্যবসায়িক লেনদেনে এর প্রবেশ বাড়লে মোট ভ্যালুতেও UPI-এর অংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।




