অগাস্টের প্রথম দিনেই বাড়ল LPG সিলিন্ডারের দাম। 19 কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে সরকারি তেল সংস্থাগুলি। আজ দিল্লিতে 19 কেজি LPG সিলিন্ডারের দাম 1652.50 টাকা। গত মাসে দাম ছিল 1646 টাকা। অর্থাৎ দাম বেড়েছে 6.5 টাকা। আজ কলকাতায় 19 কেজি বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম 1764.50 টাকা, মুম্বইতে 1605 টাকা এবং চেন্নাইতে 1817 টাকা হয়েছে।
তবে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। দিল্লিতে ভর্তুকিহীন LPG সিলিন্ডারের দাম 803 টাকাতেই রয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে মিষ্টির দোকানে মূলত 19 কেজি সিলিন্ডার ব্যবহার করা হয়। ফের আরও একবার বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে হোটেল রেস্তরাঁয় খাওয়া দাওয়া করা বেশ কিছুটা ব্যয়বহুল হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইতিপূর্বে টানা চার মাস দাম কমানো হয় বাণিজ্যিক LPG সিলিন্ডারের। 1 জুলাই, বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম 30 টাকা কমানো হয়। সেই ধারা বজায় রেখে গত 1 জুন, এর দাম 69.5 টাকা কমে। তারও আগে অর্থাৎ 1 মে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম 19 টাকা কমানো হয়। আবার 1 এপ্রিলে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমানো হয়েছিল 30.5 টাকা।
এদিকে, বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এর মধ্যে সর্বশেষ পরিবর্তন হয় লোকসভা নির্বাচনের আগে 9 মার্চ। তখন সরকার বাড়িতে ব্যবহৃত LPG সিলিন্ডারের দাম 200 টাকা হ্রাস করে। বর্তমানে LPG সিলিন্ডারের দাম দিল্লিতে 803 টাকা, কলকাতায় 829 টাকা, মুম্বইতে 802.50 টাকা এবং চেন্নাইতে 818.50 টাকা।
Article By – আস্তিক ঘোষ






