Article By – আস্তিক ঘোষ

দীর্ঘ অপেক্ষার পর সরকারের ভর্তুকিতে দাম কমল পেঁয়াজের। পেঁয়াজের দামে রাশ টানতে পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ভোক্তা বিষয়ক মন্ত্রক শনিবার জানিয়েছে, গত 5 সেপ্টেম্বর চালু হওয়া সরকারের ভর্তুকিযুক্ত পেঁয়াজ বিক্রির উদ্যোগের পর দেশের প্রধান শহরগুলিতে কয়েক দিনের মধ্যে দাম কমেছে পেঁয়াজের। দিল্লিতে খুচরো পেঁয়াজের দাম কেজি প্রতি 60 টাকা থেকে 55 টাকায় নেমে এসেছে। মুম্বইয়ে পেঁয়াজের দাম প্রতি কেজি 61 টাকা থেকে 56 টাকা কমেছে। চেন্নাইতে প্রতি কেজি পেঁয়াজের খুচরো মূল্য 65 টাকা থেকে কমে 58 টাকা হয়েছে।
এনসিসিএফ, নাফেডের মোবাইল ভ্যান এবং আউটলেটগুলির মাধ্যমে প্রতি কেজি 35 টাকা ভর্তুকিযুক্ত হারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকার। দিল্লি এবং মুম্বইতে শুরু হওয়া এই প্রোগ্রামটি চেন্নাই, কলকাতা, পটনা, রাঁচি, ভুবনেশ্বর এবং গুয়াহাটি সহ অন্যান্য বড় শহরগুলিতে বিস্তৃত হয়েছে বলে জানা গিয়েছে। ক্রমবর্ধমান চাহিদার প্রতি সাড়া দিয়ে, ভর্তুকিযুক্ত পেঁয়াজের পরিমাণ বাড়ানোর পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্ম, কেন্দ্রীয় ভান্ডার আউটলেট এবং মাদার ডেয়ারির সাফাল স্টোরগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধান শহরগুলিতে পেঁয়াজের পাইকারি বিক্রি শুরু করেছে সরকার। ইতিমধ্যেই দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও শুরু হয়েছে বিক্রি। এবার এই ব্যবস্থা হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং কলকাতা এবং শেষ পর্যন্ত সমস্ত রাজ্যের রাজধানীতে প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। চাহিদা এবং দামের প্রবণতার উপর ভিত্তি করে লক্ষ্যযুক্ত সরবরাহ নিশ্চিত করতে রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে কনজিউমার ডিপার্টমেন্ট। সরকার আশা করছে আগামী মাসগুলিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে।




