Article By – সুনন্দা সেন

AMFI তথ্য অনুসারে, ২০২৫ সালের জুন মাসে হাইব্রিড মিউচ্যুয়াল ফান্ডগুলিতে মাসিক সর্বোচ্চ বিনিয়োগ লক্ষ্য করা গেছে, এই মাসে নিট বিনিয়োগ প্রবাহ ছিল ২৩,২২৩ কোটি টাকার। যা বার্ষিক ভিত্তিতে ১৬২.২৬% বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধি হাইব্রিড স্কিমগুলিতে বিনিয়োগকারীদের ইন্টারেস্টকে প্রতিফলিত করেছে। আসলে এই ফান্ডগুলি বাজারের অস্থিরতার মধ্যেও ঝুঁকি এবং রিটার্ন পরিচালনা করার জন্য ডেট এবং ইক্যুইটির একটি মিশ্রণ অফার করে বিনিয়োগকারীদের। বিশেষজ্ঞরা বলছেন যে স্থিতিশীল SIP প্রবাহ, বৃহত্তর অংশগ্রহণ এবং বাজার পরিস্থিতির সাথে মানিয়ে চলার ক্ষমতা কেবল এই ফান্ড নয়, সমগ্র মিউচ্যুয়াল ফান্ড (MF) ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সাহায্য করছে।
সামগ্রিকভাবে জুন মাস ছিল মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির জন্য শক্তিশালী মাস। যে কারণে এই মাসে মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) ৭৪,৪১ লক্ষ কোটি টাকায় পৌঁছছে। যা মে মাসের ৭২.২০ লক্ষ কোটি এবং একবছর আগে এই সময় ৬১.১৬ লক্ষ কোটি টাকা ছিল। হাইব্রিড বিভাগে সর্বোচ্চ বিনিয়োগ এসেছে, যার মধ্যে আরবিট্রজ ফান্ডগুলি ১৫,৫৮৫ কোটি টাকা আয় করেছে। আর মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডগুলি ৩,২১০ কোটি টাকা এবং ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডডগুলি ১,৮৮৬ কোটি টাকা আয় করে। আর এই বৃদ্ধি দেখায় যে বিনিয়োগকারীরা বিনিয়োগ পোর্টফোলিও ডাইভার্সিফাই করার জন্য হাইব্রিড ফান্ড নির্বাচন করেছেন।
ইক্যুইটি ভিত্তিক স্কিমগুলি তাদের উর্ধ্বমুখী গতি অব্যাহত রেখেছে, জুনমাসে ২৩,৫৮৭ কোটি টাকার নিট বিনিয়োগ রেকর্ড করেছে। যা ২০২৫ সালের মে মাসের তুলনায় ২৪% বেশি। এছাড়া ফ্লেক্সি-ক্যাপ ফান্ডগুলি ৫,৭৩৩ কোটি টাকা, স্মল-ক্যাপ ফান্ডগুলি ৪,০২৪ কোটি টাকা এবং মিড-ক্যাপ ফান্ডগুলি ৩,৭৫৪ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে আবার জুন মাসে ডেট মিউচ্যুয়াল ফান্ড থেকে ১,৭১১ কোটি টাকার নেট বহির্গমন দেখা গেছে, তবে এই সংখ্যা মে মাসের ১৫,৯০৮ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। কিন্তু স্বল্পমেয়াদী ডেট ফান্ডগুলিতে ১০,২৭৭ কোটি টাকা বিনিয়োগ এসেছে। মানি মার্কেট ফান্ডগুলি ৯,৪৮৪ কোটি টাকা যোগ করেছে এবং কর্পোরেট বন্ড তহবিলগুলিতে ৭,১২৪ কোটি টাকা নিট আয় করেছে।




