Article By – সুনন্দা সেন

ভারতের মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাসস্ট্রিতে আবারও শক্তিশালী বিনিয়োগের প্রবণতা দেখা গেল। শিল্প সংগঠন অ্যাসোসিয়েশন অফ মিউচ্যুয়াল ফান্ড ইন ইন্ডিয়া বা AMFI-এর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর (২০২৬ সাল)-এর ফেব্রুয়ারি মাসে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে মোট বিনিয়োগ আগের মাসের তুলনায় প্রায় ৮% বেড়ে ২৫,৯৭৮ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তথ্য আবারও দেখাল যে বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও ভারতের মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বিনিয়োগকারীদের আস্থা এখনও শক্তিশালী। আর সেই কারণেই ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।
AMFI-এর তথ্য বলছে, জানুয়ারি মাসে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে ইনফ্লো ছিল তুলনামূলক কম। কিন্তু ফেব্রুয়ারিতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আবারও বেড়েছে। বাজারে ওঠানামা (Fluctuations) থাকা সত্ত্বেও অনেক বিনিয়োগকারী দীর্ঘমেয়াদি সম্পদ গঠনের লক্ষ্য নিয়ে ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধির পেছনে অন্যতম বড় কারণ হল SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের জনপ্রিয়তা। আর এই পদ্ধতিতে বিনিয়োগকারীরা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন।
ফেব্রুয়ারি মাসের তথ্য আরও দেখাচ্ছে যে বড় ক্যাটাগরির পাশাপাশি মিডক্যাপ এবং স্মলক্যাপ ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বজায় রয়েছে। যদিও বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই ধরনের ফান্ডে লাভের সম্ভাবনা বেশি হলেও ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি থাকে। তাই বিনিয়োগের আগে ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি। এদিকে আবার মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মোট AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, দেশের আর্থিক বাজারে রিটেইল বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং সেই প্রবণতারই প্রতিফলন দেখা যাচ্ছে এই পরিসংখ্যানে। অর্থনীতিবিদদের মতে, ব্যাংকে সঞ্চয়ের পাশাপাশি এখন অনেকেই দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য মিউচ্যুয়াল ফান্ডকে বেছে নিচ্ছেন। বিশেষ করে তরুণ বিনিয়োগকারীদের মধ্যে ইক্যুইটি ফান্ডে বিনিয়োগের প্রবণতা দ্রুত বাড়ছে।




