Article By – সুনন্দা সেন

জুন মাসে দেশের মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে মোট ৫২,৯৪৯ কোটি টাকার নিট আউটফ্লো বা নিট বহিঃপ্রবাহ দেখা গেছে। আর এই পতনের প্রধান কারণ ছিল কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় অঙ্কের টাকা তুলে নেওয়া, বিশেষ করে লিক্যুইড ফান্ড ও ওভারনাইট ফান্ড থেকে সবচেয়ে বেশি আউট-ফ্লো হয়েছে লিক্যুইড ফান্ড থেকে, যেখানে প্রায় ১.০৮ লক্ষ কোটি টাকা বেরিয়ে গেছে।
এছাড়া ওভারনাইট ফান্ডের ক্যাটাগরি থেকে বেরিয়েছে প্রায় ১৮,০০০ কোটি টাকা বা তার বেশি। অন্যদিকে ডেট ফান্ডের মধ্যেও কিছু বিভাগে চাপ দেখা গেছে। বিশেষ করে আল্ট্রা শর্ট ডিউরেশন, লো ডিউরেশন এবং মানি মার্কেট ফান্ড থেকে বিনিয়োগকারীরা অর্থ প্রত্যাহার হয়েছে। তবে ইতিবাচক দিকও রয়েছে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে টানা ৫২তম মাসের মতো নিট বিনিয়োগ এসেছে। জুনে ইক্যুইটি ফান্ডে প্রায় ২৮,৯৭৩ কোটি টাকার নতুন বিনিয়োগ হয়েছে।
বিশেষ করে সেক্টরাল/থিম্যাটিক ফান্ড, স্মল-ক্যাপ এবং ফ্লেক্সি-ক্যাপ ফান্ডে ভালো আগ্রহ দেখা গেছে। পাশাপাশি SIP-এর মাধ্যমে মাসিক বিনিয়োগও উচ্চ পর্যায়ে বজায় রয়েছে।
এছাড়াও জানা যাচ্ছে যে জুনের এই বড় বহিঃপ্রবাহ মূলত মৌসুমি ও তারল্য ব্যবস্থাপনার কারণে হয়েছে, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের দুর্বলতার ইঙ্গিত নয়। বরং ইক্যুইটি ফান্ডে ধারাবাহিক বিনিয়োগ এবং শক্তিশালী SIP প্রবাহ দেখাচ্ছে যে খুচরা বিনিয়োগকারীদের আস্থা এখনও অটুট, যা ভারতের পুঁজিবাজারের জন্য ইতিবাচক সংকেত।




