Article By – সুনন্দা সেন

হিন্ডেনবার্গ রিসার্চের নতুন সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে উদ্বেগ বেড়েছে ভারতীয় শেয়ার বাজারে। এর মধ্যে আবার সরব হয়েছে আদানি – হিন্ডেনবার্গ বিতর্ক। যার দরুণ অভিযোগের আঙ্গুল উঠেছে SEBI– র প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে। আজ অর্থাৎ সোমবার (১২ আগস্ট) সকালের ট্রেডিং সেশনে আদানি গ্রুপের শেয়ারগুলিতে বিরাট পতন লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় আদানি গ্রিন এনার্জি। সকালে বম্বে স্টক এক্সচেঞ্জে ইন্ট্রা ডে ট্রেডে স্টকটি প্রায় ৭% হ্রাস পায়। আর শেয়ারের মূল্য দিনের সর্বনিম্ন স্তর ১,৬৫৬ টাকায় নেমে আসে।
জানিয়ে রাখা ভালো যে শর্ট সেলার হিন্ডেনবার্গ এবারে আদানি গ্রুপ নয়, অভিযোগের আঙ্গুল তুলেছে সেবির প্রধান মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচের বিরুদ্ধে। যেখানে বলা হয়েছে আদানি গ্রুপের যে কোম্পানির স্টকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই কোম্পানিতে SEBI- এর প্রধান এবং তাঁর স্বামী স্টেক হোল্ডার ছিলেন। যার কারণে অভিযোগ উঠলেও তদন্ত ঠিক মতো হয়নি। উল্টে রিপোর্টে উঠে এসেছে ফান্ডটি গৌতম আদানির ভাই বিনোদ আদানির ছিল। আর হিন্ডেনবার্গের দাবি, চেয়ার পার্সন সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্বের সঙ্গে জড়িত বিষয়গুলির ক্ষেত্রে নিজেকে সরিয়ে রেখেছে।
এর জন্য আদানি গ্রুপের একাধিক কোম্পানির স্টকে পতন লক্ষ্য করা যাচ্ছে। বম্বে স্টক এক্সচেঞ্জে আদানি এন্টার প্রাইজ লিমিটেডের শেয়ার ১.০৯% কমে ৩,১৫২ টাকায় লেনদেন শেষ করেছে। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের শেয়ার ২.০২% কমে, ১,৫০২.৩০ টাকায় লেনদেন শেষ করেছে। এছাড়া আদানি উইলমার, আদানি এনার্জি সলিউশন এবং NDTV- এর শেয়ারের দাম প্রায় ২-৩% হ্রাস পেয়েছে। তবে আদানি গ্রিন এনার্জির শেয়ার বাজার বন্ধের সময় BSE- তে প্রায় ০.২১% বৃদ্ধি পেয়ে ১,৭৮৪ টাকায় লেনদেন শেষ করেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাধবী পুরী বুচের রিপোর্টার বিরুদ্ধে হিন্ডেনবার্গের যুক্তি শেয়ারের দামে তেমন প্রভাব ফেলতে পারবে না। জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের ডাঃ ভি কে বিজকুমাও বলেছেন, এটি বাজারে অর্থপূর্ণভাবে প্রভাব ফেলতে পারবে না। তবে সকালের পতনের কারণে আদানি গ্রুপের ১০টি স্টকের বাজারগত মূলধন প্রায় ১৬.৭ লক্ষ কোটি টাকায় নেমে আসে। যার থেকে জানা যাচ্ছে যে বিনিয়োগকারীরা সকালের ট্রেডিং- এ প্রায় ৫৩,০০০ কোটি টাকা খুইয়েছেন।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





