Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ারবাজারে রিলায়েন্স গ্রুপের অধীনে একাধিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে প্রধান হলো RIL (Reliance Industries Limited), Jio Financial Services Limited, Reliance Industrial Infrastructure Limited। তবে Reliance Jio Platforms ও Reliance Retail Ventures এখন ও তালিকাভুক্ত নয় এবং ভবিষ্যতে IPO আনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন মুকেশ আম্বানি। তবে এবার জানা যাচ্ছে যে আম্বানি গ্রুপের টেলিকম ও ডিজিটাল শাখা রিলায়েন্স জিও প্ল্যাটফর্মস ২০২৬ সালে ভারতের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। যা হয়ে উঠতে পারে ভারতীয় শেয়ারবাজারের ইতিহাসের একটি বড় মাইলফলক।
সূত্রের খবর অনুযায়ী, সংস্থাটি IPO-এর মাধ্যমে প্রায় ২.৫% শেয়ার বাজারে আনার কথা বিবেচনা করছে। আবার বাজার বিশেষজ্ঞদের মতে, মাত্র ২.৫% শেয়ার বিক্রি করেই এই IPO (প্রাথমিক পাবলিক অফার) থেকে ৪ বিলিয়ন ডলারের বেশি অর্থাৎ প্রায় ৩২ হাজার কোটি টাকারও বেশি তহবিল সংগ্রহ করা সম্ভব হতে পারে। সাথে আরও জানিয়েছে যে ভারতের ইতিহাসে জিওর IPO হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় IPO-গুলির মধ্যে একটি। সূত্র বলছে, জিও প্ল্যাটফর্মসের সম্ভাব্য মোট মূল্যায়ন ২০০ থেকে ২৪০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। আর টেলিকম পরিষেবার পাশাপাশি ডিজিটাল পরিষেবা, ক্লাউড, AI এবং এন্টারপ্রাইজ সলিউশনের শক্তিশালী ব্যবসাই এই উচ্চ মূল্যায়নের মূল কারণ।
তবে এই IPO-এর পথে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে ভারতের নিয়ম অনুযায়ী, বড় সংস্থাগুলোর ক্ষেত্রে IPO-তে ন্যূনতম ৫% শেয়ার সাধারণ জণগণের জন্য আনার কথা বাধ্যতামূলক। জিও মাত্র ২.৫% শেয়ার ছাড়তে চাইছে মার্কেটে, ফলে এই নিয়মে পরিবর্তন দরকার হবে। জানা যাচ্ছে, বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) ও অর্থমন্ত্রক বড় সংস্থার ক্ষেত্রে এই সীমা কমানোর বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি রিপোর্টে আরও জানিয়েছেন যে IPO শুধুমাত্র বিদ্যমান শেয়ার বিক্রি হবে নাকি নতুন শেয়ার ইস্যুও থাকবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুশীর খবর হলো, আন্তর্জাতিক ও দেশীয় বেশকিছু বৃহৎ বিনিয়োগকারী ব্যাংক ইতিমধ্যেই জিওর IPO প্রস্তুতির কাজে যুক্ত হয়েছে।




