Article By – সুনন্দা সেন

আজ (২০ মে) ভারতীয় মার্কেটের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স এবং নিফটি ১%- এর থেকেও বেশি পতনের মুখোমুখি হয়েছে। বিশ্ববাজারের দুর্বল ইঙ্গিত, প্রফিট বুকিং এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে অতিরিক্ত সতর্কতার জেরে পতন হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স প্রায় ৮৭৩ পয়েন্ট কমেছে। অন্যদিকে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ প্রায় ২৬১ পয়েন্ট হ্রাস পেয়েছে। একটি সংস্থা সংবাদে খবর, আজ বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজারগত মূলধনের ৫.১৩ লক্ষ কোটি টাকা কমে ৪৩৮.৫৪ লক্ষ কোটি টাকা হয়েছে।
চলুন তবে দেখে নেওয়া যাক আজকের বাজার পতনের কারণগুলি:
- বাজারে সতর্ক দৃষ্টিভঙ্গি আসার সঙ্গে সঙ্গেই বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা লক্ষ্য করা গেছে। তাঁরা ১৯ মে ৫২৬ কোটি টাকার ভারতীয় ইক্যুইটি শেয়ার বিক্রি করেছেন। অন্যদিকে, দেশীয় বিনিয়োগকারীরাও ওই দিন বিক্রেতায় পরিণত হয়েছিলেন। তাঁরাও প্রায় ২৩৮ কোটি টাকার ইক্যুইটি শেয়ার বিক্রি করেছিলেন।
- লার্জক্যাপ স্টকগুলিতে বিক্রির চাপ সূচকগুলিতে নীচের দিকে নিয়ে গিয়েছে। HDFC Bank, Reliance Industries, ICICI Bank, M&M, মারুতি সুজুকি এবং বাজাজ ফিনান্সের মতো কোম্পানির শেয়ারে পতন লক্ষ্য করা গিয়েছে। ইটারনালের শেয়ারের দাম প্রায় ৪%- এর কাছাকাছি হ্রাস পেয়েছে।
- ঋণ নিয়ে উদ্বেগ বৃদ্ধির জেরে মুডি’স মার্কিন সরকারের ক্রেডিট রেটিং AAA থেকে Aa1-এ নামিয়ে এনেছে। এরপরই বিশ্বব্যাপি শেয়ার বাজারে সতর্ক দৃষ্টিভঙ্গি দেখা গিয়েছে। এই পদক্ষেপের জেরে বন্ড ইল্ড বৃদ্ধি পেয়েছে, এটি ৫.০৩% স্পর্শ করেছে।
ভারতীয় বাজারের সাম্প্রতিক বৃদ্ধির পর সেনসেক্স এবং নিফটি প্রায় ৪% বৃদ্ধি পেয়েছে। গত ন’টি সেশনে BSE-তে তালিকাভুক্ত সংংস্থাগুলির বাজারগত মূলধন প্রায় ২৭.৩ লক্ষ কোটি টাকা বেড়েছে। মঙ্গলবারের পতনের নেপথ্যে অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে প্রফিট বুকিং। কারণ বিনিয়োগকারীরা উচ্চ স্তরে থাকা স্টকগুলিতে প্রফিট বুকিং করেছেন।




