আমাদের সঙ্গে অনেক সময়ই এমন হয় যখন প্রতি মাসে আমাদের কাছে বিনিয়োগ করার পরেও অতিরিক্ত কিছু অর্থ থাকে, এবং আমরা ঠিক করতে পারি না ঠিক কীভাবে ওই অর্থ বিনিয়োগ করা যায় বা কোথায় বিনিয়োগ করা যায়।
এই সারপ্লাস অর্থ বিচক্ষণতার সঙ্গে যদি বিনিয়োগ করা যায় তাহলে short-term ও long-term দুটি আর্থিক লক্ষ্যই পূরণ করা সম্ভব। এবার আপনি কোথায় বিনিয়োগ করবেন তা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। চলুন তবে দেখে নেওয়া যাক অতিরিক্ত এই অর্থ ঠিক কোথায় বিনিয়োগ করা সম্ভব।
Emergency fund : আপনার জরুরি অবস্থায় ব্যবহার করার জন্য কোনো ফান্ড রয়েছে কি? জীবনে এমন অনেক অকস্মাৎ ঘটনা ঘটে যেমন মেডিকেল এমারজেন্সি বা হঠাৎ চাকরি চলে যাওয়া অথবা হাসপাতালে ভর্তি হওয়ার মতো জরুরি পরিস্থিতি— এমন আপদকালীন সময়ের জন্য একটি এমারজেন্সি ফান্ড থাকা অত্যন্ত জরুরি। কতটা অর্থ জমা রাখবেন এমারজেন্সি ফান্ডে? উত্তর হল, মোটামুটি ৬-৯ মাসের ফান্ড আপনি এমারজেন্সি হিসেবে রাখতে পারেন। কোথায় রাখবেন এই ফান্ড? এমন জায়গায় এমারজেন্সি ফান্ড রাখতে হবে যেখানে রাখলে সহজে আপনি ফান্ড উইথড্র করতে পারবেন। তাহলে কি সেভিংস অ্যাকাউন্টে রাখবেন? অবশ্যই না, কারণ সেভিংস অ্যাকাউন্টে রাখলে মাত্র 3.5% মতো ইন্টারেস্ট আপনি পাবেন। আপনি sweep-in FD-তে এমারজেন্সি ফান্ড রাখতে পারেন যেখানে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় কিছুটা বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে এবং যখন প্রয়োজন হবে সেভিংস অ্যাকাউন্ট থেকে কোনো পেনাল্টি ছাড়া ফান্ড উইথড্র করা যাবে, অর্থাৎ লিক্যুইডিটি অনেক বেশি। এছাড়া liquid mutual fund একটি ভালো বিকল্প যেখানে আপনি এমারজেন্সি ফান্ড রাখতে পারেন। লিক্যুইড ফান্ড মূলত ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার ইত্যাদিতে বিনিয়োগ করা যায় এবং এই ফান্ডের লিক্যুইডিটি অনেকটা বেশি। ফলে সহজে আপনি ফান্ড অ্যাক্সেস করার সুযোগ পাবেন। এছাড়াও যেহেতু debt security-তে বিনিয়োগ করা হচ্ছে তাই এই ফান্ডগুলির সঙ্গে খুব কম ঝুঁকি জড়িত এবং এমারজেন্সি ফান্ড হিসেবে আদর্শ।
ফলে যদি আপনার আপদকালীন সময়ের জন্য ফান্ড তৈরি না করা থাকে তাহলে যে-কোনো বিনিয়োগের আগে অবশ্যই এই ফান্ড তৈরি রাখুন।
Short-term Goal : এবার আসি স্বল্প মেয়াদের লক্ষ্যগুলির কথায়। আপনার যদি এমারজেন্সি ফান্ড ইতিমধ্যেই তৈরি হয়ে থাকে তাহলে অতিরিক্ত অর্থ আপনি স্বল্পমেয়াদি লক্ষ্য যেমন গাড়ি কেনার জন্য ডাউনপেমেন্ট, ঘুরতে যাওয়া ইত্যাদির জন্য সঞ্চয় করতে পারেন। Short-term লক্ষ্য পূরণের জন্য কোথায় টাকা রাখবেন?
- Short-term FD : এই ফিক্সড ডিপোজিটগুলি মোটামুটি ১ থেকে ২ বছরের জন্য হয়ে থাকে এবং short-term লক্ষ্যের জন্য উপযুক্ত। তবে long-term FD-র তুলনায় এর ইন্টারেস্ট রেট কিছুটা কম হয়।
- Recurring deposit : মাসের সারপ্লাস অর্থ RD-তে রাখতে পারেন। এখানে নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে জমা করা যায়। তবে RD-র ইন্টারেস্ট রেট মোটামুটি 4%–6%-এর মধ্যে থাকে।
- Mutual fund : যদি RD অথবা FD-র তুলনায় বেশি রিটার্ন পেতে চান তাহলে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন। তবে short-term-এর জন্য বিনিয়োগ করতে হলে debt fund-এ বিনিয়োগ করবেন। ১–৩ বছরের লক্ষ্যগুলির জন্য debt fund আদর্শ। FD ও RD-র তুলনায় সামান্য বেশি ঝুঁকিতে বেশি রিটার্ন সম্ভব মিউচ্যুয়াল ফান্ডে।
Long-term Goal : দীর্ঘমেয়াদি লক্ষ্য যেমন সন্তানের শিক্ষা, নিজের অবসর ইত্যাদিকে long-term goal বলে। এই লক্ষ্যগুলি পূরণের জন্য যে ইনভেস্টমেন্ট করা হয় সেগুলি সাধারণত ৫ বছরের বেশি মেয়াদের জন্য করা হয়। আপনি যদি মাসের অতিরিক্ত অর্থ লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান তাহলে কোথায় কোথায় বিনিয়োগ করতে পারেন দেখে নিন—
- Equity mutual fund : Long-term বিনিয়োগের জন্য ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড একটি ভালো বিনিয়োগ বিকল্প। আপনি নিজের ঝুঁকি নেওয়ার প্রবণতা অনুযায়ী স্মল, লার্জ বা মিডক্যাপে বিনিয়োগ করতে পারেন। ইক্যুইটি ফান্ড স্বল্পমেয়াদের জন্য ভোলাটাইল হলেও লং টার্মে এই অস্থিরতা অনেকটা কম থাকে।
- NPS : NPS বা National Pension System আপনার অবসরের জন্য সঞ্চয়ে সাহায্য করে। NPS-এ আপনার অর্থ ইক্যুইটি, গভর্নমেন্ট সিকিউরিটি, কর্পোরেট বন্ড ইত্যাদি একাধিক অ্যাসেটে ইনভেস্ট করা হয়। অবসর সঞ্চয় হিসেবে মাসের অতিরিক্ত অর্থ NPS-এ জমা করতে পারেন।
- PPF : ১৫ বছরের মেয়াদের এই বিনিয়োগ বিকল্পটি থেকে বর্তমানে 7.1% সুদ পাওয়া যাচ্ছে। দীর্ঘমেয়াদের সঞ্চয় হিসেবে PPF একটি ভালো বিকল্প যেখানে নিশ্চিত আয়ের সুযোগ রয়েছে।
এইভাবে আপনি প্রতিমাসের সারপ্লাস মানি নিজের চাহিদা ও লক্ষ্য অনুযায়ী উপরোক্ত ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগের সময়ে পোর্টফোলিও অবশ্যই diversify করা উচিত। এবং প্রাথমিকভাবে অতি প্রয়োজনীয় লক্ষ্য যেমন, শিক্ষা, অবসর, চিকিৎসা, আপদকালীন পরিস্থিতি ইত্যাদি ক্ষেত্রে সঞ্চয় করে পরবর্তীতে অন্যান্য খাতে খরচ করা যেতে পারে।





