Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ার বাজার আগামী দুই বছরের মধ্যে বড় উত্থানের সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, এমনটাই বলছে একাধিক আন্তর্জাতিক ব্রোকারেজ হাউস ও বাজার বিশ্লেষক। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক, Sensex ও Nifty নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে। এছাড়া বাজারে সাম্প্রতিক সংশোধন, গ্লোবাল সুদের নীতি এবং ভ্যালুয়েশন কিছুটা স্বাভাবিক হওয়ায় এই আশার সুর আরও জোরালো হয়েছে।
HSBC মনে করছে, ২০২৬ সালের শেষে Sensex প্রায় ৯৪,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে। তাদের মতে, গত কয়েক মাসে বাজারে যে সেল-অফ হয়েছে, তাতে দাম অনেকটাই স্বাভাবিক স্তরে নেমে এসেছে। কর্পোরেট মুনাফার গতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আর দেশীয় বিনিয়োগকারীদের আগ্রহ বাজারে নতুন প্রাণসঞ্চার করছে। পাশাপশি Morgan Stanley-র বিশ্লেষকও বেশ আশাবাদী। তাদের বুল-ক্যাপাসিটি অনুযায়ী, ডিসেম্বর ২০২৬–এর মধ্যে Sensex ১,০৭,০০০-এর কাছাকাছি পৌঁছাতে পারে, যদিও তারা স্বীকার করছে যে এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিস্থিতির পূর্বাভাস, যেখানে অর্থনৈতিক নীতি, ব্যক্তিগত বিনিয়োগ ও বৈশ্বিক পরিস্থিতি বাজারের অনুকূলে থাকবে।
অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীদের টানা অর্থপ্রত্যাহার বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। বৈশ্বিক অর্থনীতি, তেলের দাম, মার্কিন সুদনীতি বা যেকোনো ভূ-রাজনৈতিক পরিস্থিতি বাজারকে আবারও নড়বড়ে করে দিতে পারে। কর্পোরেট আয়ের ধারাবাহিকতা ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় বাজারের ভিত্তি শক্তিশালী হলেও আগামী দুই বছর হবে সুযোগ ও সতর্কতার যুগল পর্ব। সব মিলিয়ে ২০২৬ সাল ভারতের শেয়ার বাজারের জন্য সম্ভাবনাময় একটি বছর হতে পারে। আশার আলো বড়, কিন্তু বাজারকে সেই পথে এগোতে হলে বাহ্যিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিকে যথেষ্ট স্থিতিশীল থাকতে হবে।




