Article By – সুনন্দা সেন

২০২৪-২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে IRCTC-এর অপারেশন থেকে আয় দাঁড়িয়েছে ১,২৬৯ কোটি টাকা। যা তার আগের অর্থবছরের একই সময়ের আয়ের থেকে ১০% বেড়েছে। এছাড়া গত অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় কোম্পানিটির চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা প্রায় ৫% বৃদ্ধির সাথে ৩৪১ কোটি টাকা হয়েছে। IRCTC-এর ২০২৪-২৫ অর্থবছরের নেট প্রফিট হয়েছে ১,৩১৫ কোটি টাকা। আর সংস্থাটির ওই ত্রৈমাসিকে আয় হয়েছে ৪,৬৭৫ কোটি টাকার এবং ব্যয়ের পরিমাণ ছিল ৯০৩ কোটি টাকা। যা ২০২৩-২৪ সালের ৮১০ কোটি টাকার ব্যয়ের তুলনায় বেশি। যার পর আজকে (২৯মে) রেল সংস্থাটির শেয়ার বৃদ্ধি পেয়েছে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার (২৯মে) ভারতীয় শেয়ার বাজারের সূচকগুলি একলাফে অনেকটা বৃদ্ধি পেয়েছে। দেশের দুই প্রধান সূচক নিফটি ও সেনসেক্স গ্রিন জোনে লেনদেন শেষ করেছে। আজকে শেষের লেনদেনে BSE সেনসেক্স প্রায় ০.৩৯% বা ৩২০.৭০ পয়েন্ট বৃদ্ধির সাথে ৮১,৬৩৩.২-এ বন্ধ হয়েছে। অন্যদিকে NSE নিফটি প্রায় ০.৩৩% বা ৮১.১৫ পয়েন্ট বেড়ে ২৪,৮৩৩.৬০-এর স্তরে পৌঁছেছে। এছাড়া নিফটি স্মলক্যাপ ১০০ এবং নিফটি মিডক্যাপ ১০০ প্রায় ০.৫৯% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজ বৃদ্ধি পেয়েছে ITI লিমিটেড, জেন টেক, নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স এবং ক্যাস্ট্রল ইন্ডিয়াসহ একাধিক শেয়ার।
পাশাপাশি বৃদ্ধি পেয়েছে IRCTC-এর শেয়ার মূল্য আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারটি প্রায় ৩% বৃদ্ধি পেয়ে ৮০০ টাকায় পৌঁছেছিল। তবে লেনদেনের শেষের দিকে শেয়ার মূল্য সামান্য, ১.৮৫ পয়েন্ট ৭৭৪.৫০ টাকায় লেনদেন শেষ করেছে। কোম্পানিটির বাজার গত মূল্য বা মার্কেট ক্যাপ আজকে দাঁড়িয়েছে ৬২,০৯৬ কোটি টাকা। শেষ তিন মাসে সংস্থাটি শেয়ার মূল্য প্রায় ১৫.৫৭% বৃদ্ধি পেয়েছে। অবশ্য একবছরে IRCTC-এর শেয়ার প্রায় ২৫.৬৪% হ্রাস পেয়েছে। তবে আবার দীর্ঘ মেয়াদ অর্থাৎ তিনবছর এবং পাঁচবছরে শেয়ারটি যথাক্রমে ১৮.৮৫% এবং ১৭৪.৯১% রিটার্ন প্রদান করেছে।




