Article By – সুনন্দা সেন

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধমত্তা বা AI নিয়ে উন্মাদনার মাঝেই এবার বড় খবর। Chat GPT-এর নির্মাতা Open AI খুব শীঘ্রই শেয়ার বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, শীঘ্রই IPO-এর জন্য খসড়া নথি জমা করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি আগামীকালই মার্কিন নিয়ন্ত্রক সংস্থা SEC-এর কাছে কনফিডেনশিয়াল ফাইলিং করতে পারে। এছাড়া আরও দুই রিপোর্টে বলা হয়েছে Open AI বর্তমানে গাল্ডম্যান সাচ ও মর্গান স্ট্যানলির মতো বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে কাজ করছে। আর লক্ষ্য হল– ২০২৬ সালর মধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ IPO আনা।
বিশ্লেষকদের মতে, এই IPO-এর মূল্য ৮৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এমনকি ভবিষ্যতে তা ১ ট্রিলিয়নের কাছাকাছি যেতে পারে। বর্তমানে OpenAI-র জনপ্রিয়তা আকাশছোঁয়া। ChatGPT-র সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটিরও বেশি বলে দাবি করা হচ্ছে। AI প্রযুক্তির দ্রুত বিস্তার এবং কর্পোরেট জগতে ChatGPT-র ব্যাপক ব্যবহারই বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই IPO বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু প্রযুক্তি জগতেই নয়, গোটা বিশ্ব শেয়ার বাজারের ইতিহাসে অন্যতম বড় ঘটনা হয়ে উঠতে পারে।
“Confidential filing বা গোপনীয় নথি” বলতে বোঝায়, কোম্পানি প্রথমে গোপনে IPO-এর কাগজপত্র জমা দেয়। এর ফলে বাজারে আনুষ্ঠানিক ঘোষণা করার আগে সংস্থা নিজেদের আর্থিক নথি ও কৌশল প্রস্তুত করার সময় পায়। মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে বড় IPO-র আগে এই পদ্ধতি এখন খুবই সাধারণ। তবে OpenAI এখনও আনুষ্ঠানিকভাবে IPO-র নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। বাজার পরিস্থিতি, নিয়ন্ত্রক অনুমোদন এবং প্রতিযোগিতার পরিস্থিতির ওপর নির্ভর করেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে Google, Anthropic-সহ অন্যান্য AI সংস্থার সঙ্গে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে।




