Article By – সুনন্দা সেন

রুপীর পাশাপাশি ভারতীয় শেয়ার বাজারের সূচক সহ অধিকান্তর স্টকে দীর্ঘ সময় ধরে পতন লক্ষ্য করা যাচ্ছে। আজকে ফার্মা স্টকগুলি লেনদেন শুরু হওয়ার পর পিছিয়ে পড়ে। ফার্মাসিউটিক্যাল স্টকগুলি ট্র্যাক করে এমন সেক্টরাল ইনডেক্স নিফটি ফার্মা দিনের প্রথম লেনদেনের সময় ২.৫৪% কমে ২০,৪৩৭.৫০-এ দাঁড়িয়েছে। একইভাবে নিফটি হেলথকেয়ার ইনডেক্স ২.৩৪% কমে ১৩,১৫৩.২০-তে লেনদেন শুরু করেছে। নিফটি৫০-এর পাঁচটি প্রধান ক্ষতির মধ্যে তিনটি ছিল ফার্মাসিউটিক্যালের স্টক। ডঃ রেড্ডিস ল্যাবের শেয়ারের দাম ২.৭১% কমে ১,১৬৫ টাকায় দাঁড়িয়েছে, যা নিফটি৫০-এর সবচেয়ে বড় ক্ষতি।
এরপরে সান ফার্মার শেয়ার দিনের প্রাথমিক লেনদেনের সময় ২.১৫% কমে ১,৬৬৪.৯৫ টাকায় দাঁড়িয়েছে এবং সিপলার শেয়ার ১.৭২% কমে ১,৪৫৬.৬৫ টাকায় দাঁড়িয়েছে। এর থেকে স্পষ্ট যে সান ফার্মা এবং ডঃ রেড্ডিস ল্যাব, উভয় শেয়ার প্রাথমিক লেনদেনে নিফটির পতনের প্রধান ইনডেক্সগুলির মধ্যে অন্যতম ছিল। অন্যান্য ফার্মা স্টকগুলির দাম ৯.৫% পর্যন্ত কমেছে। অরবিন্দ ফার্মার শেয়ারের দাম ৯.৫% কমে ১,০৫২.৭০ টাকা, লুপিনের শেয়ার ৬% কমে ১,৮৯২.৭৪ টাকা এবং জাইডাস লাইফসায়েন্সেসের শেয়ার ৬.৫% কমে ৮৫৫.১০ টাকা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্মা, অটোমোবাইল এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানির উপর ২৫% শুল্ক আরেপের ঘোষণা করেছেন। যার পর থেকে ফার্মা ও হেলথকেয়ার স্টকের দামে এই পতন ঘটে। প্রাথমিক পর্যায়ে ট্রাম্প ফার্মাসিউটিক্যাল বা ওষুধ আমদানির উপর ২৫% শুল্ক আরোপ করবেন। যা আবার এক বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে আরও বৃদ্ধি পাবে। তবে তিনি শুল্ক আরোপের তারিখ এখনও স্পষ্ট করেননি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে কোম্পানিগুলি উৎপাদন কেন্দ্রগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে (US)-এ স্থানান্তর করার জন্য সময় পাবে। এছাড়াও একাধিক সেক্টরে মধ্যে হ্রাস পাচ্ছে ফার্মা সেক্টরের স্টকগুলি।




