Article By – সুনন্দা সেন

১৫ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে দালাল স্ট্রিটে ১,৩২৫.৬ কোটি টাকার ছয়টি নতুন IPO দেখতে পাবেন বিনিয়োগকারীরা। এছাড়া ১২টি কোম্পানি শেয়ার বাজারে ডেবিউ করবে বলেও জানা যাচ্ছে। মোট ছয়টি IPO বা প্রাথমিক পাবলিক অফারের মধ্যে তিনটি থাকছে মেইনবোর্ড সেগমেন্ট থেকে এবং বাকি থাকছে SME বিভাগ থেকে। এদিকে ১৭ সেপ্টেম্বর আরবান কোম্পানি, ডেভ অ্যাক্সিলারেটর এবং শ্রিংগার হাউস অফ মঙ্গলসূত্র BSE এবং NSE-তে তার মার্কেট ডেবিউ করবে। অন্যদিকে SME সেগমেন্টনটি অত্যন্ত ব্যস্ত থাকবে। কারণ এই বিভাগ থেকে নয়টি নতুন কোম্পানি শেয়ার বাজারে আত্মপ্রকাশ বা ডেবিউ করবে। তবে আমরা আলোচনা করবো প্রথমে মেইনবোর্ডের, তারপর SME বিভাগের আসন্ন IPO-গুলির বিষয়।
চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য আসতে চলেছে মেইনবোর্ডের তিনটি IPO। আর সেগুলি হল –
- প্রথমেই আসছে ইউরো প্রাতিক সেলস (Euro Pratik Sales)। যাদের IPO সাবস্ক্রিপশন চালু হবে ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (আগামীকাল) থেকে। কোম্পানিটি IPO-এর মাধ্যমে ৪৫১ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। আর IPO মূল্যসীমা শেয়ার প্রতি ২৩৫-২৪৭ টাকা ধার্য করা হয়েছে।
- TMT কর নির্মাতা VMS TMT ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার) থেকে তার প্রাথমিক পাবলিক অফার বা IPO সাবস্ক্রিপশন শুরু করবে। কোম্পানিটি নির্ধারিত শেয়ার প্রতি ৯৪-৯৯ টাকার মূল্যে ১৪৯ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে।
- বেঙ্গালুরু ভিত্তিক টেকনলজিক্যাল সার্ভিসেস অ্যান্ড সলিউশন এগ্রিগেটর iValue ইনফোসলিউশনও আগামী সপ্তাহে IPO আনছে, ১৮ সেপ্টেম্বরে। কোম্পানিটি পাবলিক অফারের মধ্যে ৫৬০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনার পাশাপাশি মূল্যসীমা নির্ধারিত করে। যা শেয়ার প্রতি ২৮৪-২৯৯ টাকা।
চলতি সপ্তাহে SME সেগমেন্টেও IPO-এর সমাবেশ দেখতে পাওয়া যাবে। বিভাগটির তিনটি কোম্পানি বাজারে আসতে চলেছে এবং সেগুলি হলো:
- বিজয় কেডিয়া সমর্থিত সাইবার সসিকিউরিটি সলিউশন প্রদানকারী টেকডি সাইবার সিকিউরিটি আজ (১৫ সেপ্টেম্বর) তাদের ৩৯ কোটি টাকার IPO সাবস্ক্রিপশন চালু করছে। অফারের মূল্যসীমা শেয়ার প্রতি নির্ধারিত হয়েছে ১৮৩-১৯০ টাকা।
- কেবল এবং তার প্রস্তুতকারক JD কেবিলসের IPO আসছে ১৮ সেপ্টেম্বর থেকে। কোম্পানিটি প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে ৯৬ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। আর IPO-এর অফার মূল্যসীমা শেয়ার প্রতি ১৪৪-১৫২ টাকা ধার্য করেছে।
- তালিকার সর্বশেষ নাম হলো অ্যালুমিনিয়াম পণ্য প্রস্তুতকারক সম্পত অ্যালুমিনিয়াম। যার IPO সাবস্ক্রিপশন চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানিটি শেয়ার প্রতি ১১৪-১২০ টাকা মূল্যে ৩০.৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে।




