Article By – সুনন্দা সেন

ভারতীয় শেয়ারবাজারে ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সময়কালে স্পষ্ঠভাবে ধরা পড়েছে বিদেশী ও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিপরীতমুখী অবস্থান। একদিকে যেখানে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা FII টানা বিক্রির পথে হাঁটছেন, অন্যদিকে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা DII ধারাবাহিকভাবে বাজারে লগ্নি বা বিনিয়োগ বাড়িয়ে বাজারকে সহায়তা করেছে। বিশেষ করে ৮ ও ৯ জানুয়ারির বিদেশী বিনিয়োগকারীদের বড় অঙ্কের বিক্রি বাজারের উপর চাপ তৈরি করে। তবে পুরো সপ্তাহে FII-এর নেট বিক্রি প্রায় ৮,৮০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
অন্যদিকে পুরো সপ্তাহে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারের প্রতি দৃঢ় ভরসা দেখিয়েছেন। সপ্তাহের শেষ দিকে তাদের লেনদেনের অঙ্ক আরও বেড়েছে, যা বিদেশী বিনিয়োগের বড় অংশের বিক্রি থেকে পুনরুদ্ধারে সাহায্য করছে। সপ্তাহের শেষ দিকে তাদের ক্রয়ের প্রবণতা ও অঙ্ক আরও বাড়িয়েছে। পুরো সপ্তাহে DII-দের নেট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫,৭০০ কোটি টাকায়। তাই বলা চলে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় শেয়ারবাজারে এক ধরনের ভারসাম্য দেখা দিয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই বিক্রির পেছনে রয়েছে বৈশ্বিক অনিশ্চয়তা, মার্কিন সুদের হার নিয়ে উদ্বেগ এবং নতুন বছরের শুরুতে পোর্টফোলিও পুনর্বিন্যাস। আন্তর্জাতিক বাজারে ঝুঁকি কমানোর প্রবণতাও ভারতীয় বাজারে বিদেশী বিনিয়োগের উপর প্রভাব ফেলেছে।
প্রকাশিত রিপোর্ট অনুযাযী, ৯ জানুয়ারি, ২০২৬-এ শেষ হওয়া সপ্তাহে বিদেশী ও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে অ্যাক্টিভিটি ছিল,
| তারিখ | FII নেট অ্যাক্টিভিটি | DII নেট অ্যাক্টিভিটি |
| ৫ জানুয়ারি | -৩৬.২০ কোটি টাকা | + ১,৭৬৪.১০ কোটি টাকা |
| ৬ জানুয়ারি | -১০৭.৬০ কোটি টাকা | +১,৭৪৯.৪০ কোটি টাকা |
| ৭ জানুয়ারি | -১,৫২৭.৭০ কোটি টাকা | +২,৮৮৯.৩০ কোটি টাকা |
| ৮ জানুয়ারি | -৩,৩৬৭.১০ কোটি টাকা | +৩,৭০১.২০ কোটি টাকা |
| ৯ জানুয়ারি | – ৩,৭৬৯.৩০ কোটি টাকা | +৫,৫৯৪.৮০ কোটি টাকা |




