Article By – সুনন্দা সেন

ভারতের ডিজিটাল পেমেন্ট জগতে অন্যতম বড় নাম ফোনপে (PhonePe)। এবার শেয়ার বাজারে আসার প্রস্তুতি জোরদার করেছে। বাজার নিয়ন্ত্রক সেবির কাছে দাখিল করা আপডেটেড ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস বা DRHP-এ সংস্থাটি তাদের ব্যবসার কাঠামো, আয়ের উৎস এবং ভবিষ্যৎ কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। বর্তমানে ফোনপে মূলত একটি ডিজিটাল পেমেন্ট ও ফিনান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্ম যারা UPI লেনদেনের ক্ষেত্রে দেশের বাজারে শীর্ষস্থানীয়। তবে DRHP অনুযায়ী, ফোনপে শুধুমাত্র UPI পেমেন্টেই সীমাবদ্ধ নয়, বরং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ফিনান্স ইকোসিস্টেম গড়ে তুলেছে।
ফোনপের মূল প্ল্যাটফর্মে UPI পেমেন্ট, বিল পেমেন্ট, রিচার্জ এবং মার্চেন্ট ট্রানজ্যাকশন করা হয়। যদিও UPI লেনদেন থেকে সরাসরি খুব বেশি আয় হয় না। তবে এই বিশাল ব্যবহারকারী ভিত্তিক নেটওয়ার্কই ফোনপের প্রকৃত শক্তি। এছাড়া ফোনপের আয়ের বড় অংশ আসে ফিনান্সিয়াল সার্ভিসেস ডিস্ট্রিবিউশন থেকে। এর মধ্যে অন্যতম খাত হল- বিমা বিক্রি, মিউচ্যউয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন, ডিজিটাল গোল্ড এবং ঋণ সংক্রান্ত পরিষেবা। আবার ফোনপের একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হলো মার্চেন্ট সার্ভিসেস। QR কোড-ভিত্তিক পেমেন্ট, ব্যবসয়ীদের জন্য প্রযুক্তিগত পরিষেবা এবং ডেটা-ভিত্তিক সলিউশন থেকেও সংস্থাটি আয় করে।
DRHP-তে আরও উল্লেখ করা হয়েছে ফোনপের বিজ্ঞাপন ও ডেটা-চালিত আয় মডেল। বিপুল ব্যবহারকারী ডেটার ভিত্তিতে টার্গেটেড অফার ও প্রোমোশনাল ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ড ও মার্চেন্টদের কাছ থেকেও আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে ফোনপে স্বীকার করেছে যে সংস্থাটি এখনও লাভজনক নয়। প্রযুক্তি উন্নয়ন, গ্রাহক অধিগ্রহণ এবং বিপণনে বড় অঙ্কের খরচ হচ্ছে। যদিও সাম্প্রতিক বছরে ক্ষতির পরিমাণ কমেছে, তবুও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বিনিয়োগ অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।
সংস্থার মতে, ভবিষ্যতে আয় বাড়ানোর চালিকাশক্তি হবে ফিনান্সিয়াল প্রোডাক্টের পরিধি বৃদ্ধি, মার্চেন্ট বেস সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্টের বাইরে নতুন পরিষেবার সংযোজন। আর বিশ্লেষকদের মতে, ফোনপের IPO বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হতে পারে তার বিশাল ইউজার বেস ও শক্তিশালী ব্র্যান্ড ভ্যালুর কারণে। তবে একই সঙ্গে লাভজনকতার পথ, নিয়ন্ত্রক ঝুঁকি এবং প্রতিযোগিতার বিষয়গুলোও বিনিয়োগের আগে ভালোভাবে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।




