Article By – সুনন্দা সেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করার পর বৃহত্তর এশিয়ান বাজারে লাভের ধারা অব্যাহত থাকে। আজ অর্থাৎ মঙ্গলবার (২৪ জুন) ভারতীয় বেঞ্চমার্ক সূচক সেনসেক্স এবং নিফটি ৫০ তীব্রভাবে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শুরু করে। এমনকি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার ফলে বিশ্বব্যাপী তেলের দাম কমে যায়। সকালের কোনো এক সময় BSE সেনসেক্স ১,০০৭ পয়েন্ট (১.২৩%) বেড়ে ৮২,৯০৪ এ পৌঁছেছে এবং নিফটি৫০ ২৮২ পয়েন্ট (১.১৩%) বেড়ে ২৫,২৫২-এ পৌঁছেছে। যা ৪ অক্টোবর, ২০২৪ সালের পর প্রথমবারের মতো নিফটি ৫০ ২৫,২৫০-এর সীমা অতিক্রমকে নিশ্চিত করে।
ইতিমধ্যে, বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির বাজার মূলধন ৫ লক্ষ কোটি টাকা বেড়ে ৪৫২.৮২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। খাতভিত্তিক ফ্রন্টে নিফটি ব্যাংক, ফিনান্সিয়াল সার্ভিসেস, অটো, IT, মেটাল, PSU ব্যাংক, কনজিউমার ডিউরেবলস এবং অয়েল এন্ড গ্যাস সূচকগুলি প্রাথমিক লেনদেনে ১ থেকে ২% বৃদ্ধি পেয়েছে। বিস্তৃত বাজারে, নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকগুলিও প্রায় ১% বৃদ্ধি পেয়েছে। চলুন তবে আজকের শেয়ার বাজারের এই উত্থানের পিছনের কারণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। যেগুলি হলো:
- যুদ্ধবিরতি ঘোষণার পর ডলার সূচক তার রাতারাতি ক্ষতির পরিমাণ বাড়িয়ে ০.৩% কমে ৯৮.১২-এ দাঁড়িয়েছে। এই গ্রিনব্যাকের পতন বিশ্ববাজারে ইতিবাচক মনোভাবকে আরও বাড়িয়েছে। এছাড়া মার্কিন ১০ বছরের ট্রেজারি ইল্ড রাতারাতি ৫ বেসিস পয়েন্ট কমে যাওয়ার পর ২ বেসিস পয়েন্ট বেড়ে ৪.৩৫% হয়েছে।
- প্রায় দুই সপ্তাহ ধরে চলমান সামরিক উত্তেজনার পর ইরান ও ইসরায়েল পর্যায়ক্রমে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এমন খবরের পর বৈশ্বিক ভাবে ঊর্ধমুখীতার প্রবণতা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন এবং আলোচনার সুবিধার্থে কাতারকে কৃতিত্ব দেন।
- ভারতীয় শেয়ারবাজারে বিশ্বব্যাপী উত্থানের প্রতিফলন ঘটেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা হ্রাসের ফলে বিনিয়োগকারীদের মনোবল উজ্জীবিত হওয়ায় তা তীব্রভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে বলেছেন যে যুদ্ধবিরতি ১২ ঘন্টার মধ্যে কার্যকর হবে এবং যুদ্ধ “সমাপ্ত” ঘোষণা করা হয়েছে।
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জাহাজ চলাচল রুটের উপর তাৎক্ষণিক হুমকি শিথিল হতে দেখা যাচ্ছে, যার পর তেলের দাম প্রায় ৩% হ্রাস পেয়েছে। মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার আরও ৩.৪% কমে ব্যারেল প্রতি ৬৬.১৫ ডলারে দাঁড়িয়েছে, যা ১১ জুনের পর সর্বনিম্ন স্তর।




