বড়সড় সাইবার হামলার মুখে ভারতীয় ব্যাঙ্কগুলি। হামলার পর বড় ধরনের কোনও বিপদ এড়াতে ইতিমধ্যেই দেশের বড় পেমেন্ট নেটওয়ার্ক থেকে প্রায় 300টি ছোট ব্যাঙ্ককে আলাদা করা হয়েছে। এই ব্যাঙ্কগুলিতে টেকনোলজি সার্ভিস সরবরাহকারী একটি সংস্থার উপর সাইবার হামলা হয়েছে বলে খবর। ফলস্বরূপ, সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে এই সকল ব্যাঙ্ক এর পেমেন্ট সিস্টেম।
সাইবার হামলা হয়েছে ‘সি-এজ টেকনোলজিস’ নামের একটি কোম্পানিতে। সারা দেশে ছোট ব্যাঙ্কগুলিতে ব্যাঙ্কিং প্রযুক্তি সিস্টেম সরবরাহ করে এই কোম্পানি। ইমেলের মাধ্যমে রয়টার্স সি-এজ টেকনোলজিসের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে, কোনও উত্তর দেয়নি সংস্থাটি। এমনকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)ও রয়টার্সের ইমেলের জবাব দেয়নি বলে খবর।
পেমেন্ট সিস্টেমের তত্ত্বাবধানকারী সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) বুধবার গভীর রাতে একটি পাবলিক নোটিশ জারি করে জানিয়েছে, সাময়িকভাবে ‘সি-এজ টেকনোলজিস’-কে NPCI দ্বারা পরিচালিত খুচরা পেমেন্ট সিস্টেম অ্যাক্সেস করা থেকে বিরত রেখেছে। সি-এজ দ্বারা পরিবেশিত ব্যাঙ্কের গ্রাহকরা এই সময়কালে পেমেন্ট সিস্টেমগুলি ব্যবহার করতে সক্ষম হবে না।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বৃহত্তর পেমেন্ট নেটওয়ার্ক থেকে প্রায় 300টি ছোট ব্যাঙ্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সাইবার হামলার প্রভাব যাতে আরও না ছড়ায় সেজন্যই এহেন পদক্ষেপ। এর মধ্যে বেশিরভাগই ছোট ব্যাঙ্ক এবং দেশের পেমেন্ট সিস্টেম ভলিউমের মাত্র 0.5 শতাংশ প্রভাবিত হবে।
ভারতে প্রায় 1,500টি সমবায় এবং আঞ্চলিক ব্যাঙ্ক রয়েছে, যেগুলি বেশিরভাগ বড় শহরের বাইরে কাজ করে থাকে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ব্যাঙ্ক। যাতে সাইবার সংক্রমণ আরোও ছড়িয়ে না পড়ে, তার জন্য একটি অডিট পরিচালনা করছে NPCI।
Article By – আস্তিক ঘোষ






