সিমেন্ট সেক্টরের বাজারে কে হবে রাজা! ইতিমধ্যেই আকর্ষণীয় প্রতিযোগিতা চলছে কুমার মঙ্গলম বিড়লা এবং গৌতম আদানির মধ্যে। এবার এই প্রতিযোগিতায় নাম লেখালেন সজ্জন জিন্দাল। সিকে বিড়লা গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেড (ওসিএল) এর প্রোমোটার শেয়ার কেনার জন্য উঠে পড়ে লেগেছে সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW সিমেন্ট। OCL এর বার্ষিক ক্ষমতা 8.5 মিলিয়ন টন।
এই সংস্থার উপর নজর রাখছে আদানি এবং বিড়লাও। গত বছর বিক্রয় প্রক্রিয়া শুরু করেছে জেপি মরগান। এরপর থেকে সিকে বিড়লা গ্রুপের সঙ্গে আলোচনা করছে আদানি ও আদিত্য বিড়লা গ্রুপ। 2022 সালে ভারতে Holcim-এর সিমেন্ট ব্যবসা কেনার আগ্রহ প্রকাশ করেছিল আদানি, আদিত্য বিড়লা গ্রুপ এবং JSW গ্রুপ। তবে 6.5 বিলিয়ন ডলারের এই চুক্তি জিতে নিয়েছে আদানি গ্রুপ।
তাৎক্ষণিকভাবে দেশের সিমেন্ট সেক্টরে দ্বিতীয় বৃহত্তম খেলোয়াড় হয়ে ওঠে আদানি গ্রুপ। এরপর থেকে সিমেন্ট সেক্টরে সাতটি কোম্পানি কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ এবং আদানি গ্রুপ। ওরিয়েন্ট সিমেন্টে প্রোমোটার শেয়ার বর্তমানে 37.9 শতাংশ। উল্লেখ্য, এই ব্যবসা চালানোর পক্ষে কোনও আগ্রহ দেখায়নি সিকে বিড়লার দ্বিতীয় প্রজন্ম। গত তিন মাসে OCL এর শেয়ারের দাম বেড়েছে 56 শতাংশ।
বর্তমান বাজার মূল্যে 63.9 শতাংশ শেয়ারের জন্য লেনদেনের মূল্য 4546.54 কোটি টাকা পর্যন্ত হতে পারে জানা গিয়েছে। OCL এর বর্তমান বাজার মূল্য 7115.09 কোটি টাকা। চুনাপাথরের খনি এবং পরিবেশগত ছাড়পত্রের মূল্যায়নের কারণে আদানি এবং আদিত্য বিড়লা গ্রুপের মধ্যে আলোচনা বন্ধ হয়ে যাওয়ার কারণে সুযোগ পায় জিন্দাল। গত জুন মাসে, পেনা সিমেন্ট অধিগ্রহণ করে আদানি। তার কয়েকদিনের মধ্যেই, ইন্ডিয়া সিমেন্টের প্রথমে সংখ্যালঘু এবং পরে সংখ্যাগরিষ্ঠ অংশ কিনে নেয় আল্ট্রাটেক।
Article By – আস্তিক ঘোষ






